শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া এবার লখনউতে! বাবাকে গুলি করে নীল ড্রামে দেহ লুকিয়ে রাখল গুণধর পুত্র

উত্তরপ্রদেশের লখনউ শহরে ঘটে গেল এক শিহরণ জাগানো অপরাধ। পেশায় ওষুধ ও মদের ব্যবসায়ী ৫০ বছর বয়সী মনবেন্দ্র সিংকে গুলি করে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে নিজের ২১ বছরের ছেলে অক্ষত সিংয়ের বিরুদ্ধে। নি নিখোঁজ হওয়ার রহস্য তদন্ত করতে গিয়েই পুলিশ এই রোমহর্ষক ঘটনার পর্দাফাঁস করেছে।

পুলিশি জেরায় অভিযুক্ত অক্ষত স্বীকার করেছে যে, ২০শে ফেব্রুয়ারি ভোরবেলা নিজের ভবিষ্যৎ নিয়ে বাবার সঙ্গে তার তীব্র কথা কাটাকাটি হয়। মনবেন্দ্র চেয়েছিলেন তাঁর ছেলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে ডাক্তারি পড়ুক, কিন্তু অক্ষত তাতে একেবারেই রাজি ছিল না। ঝগড়া চরম পর্যায়ে পৌঁছালে রাগের মাথায় সে বাবাকে গুলি করে দেয়। এরপর প্রমাণ লোপাট করতে সে বাবার দেহ তিনতলা থেকে একতলার একটি ফাঁকা ঘরে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে দেহটি টুকরো করে ফেলে। দেহের কিছু অংশ বাইরে ফেলে দিলেও বাকি অংশ একটি নীল ড্রামে লুকিয়ে রেখেছিল সে।

ভয়াবহ এই কাণ্ডটি অক্ষতের বোন দেখে ফেললে, তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করে দাদা। নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু করলে পুলিশের সন্দেহ হয় অক্ষতের ওপর। টানা জিজ্ঞাসাবাদের মুখে সে ভেঙে পড়ে এবং সব কথা কবুল করে। পুলিশ ঘটনাস্থল থেকে মনবেন্দ্র সিংয়ের দেহাংশ উদ্ধার করেছে এবং ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং খুনের মামলা দায়ের করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।