উদয়পুরে শুরু ‘বিরোশ’-এর রাজকীয় বিয়ে! সাতপাকে বাঁধার আগে জাপানি ডিনার ও পুল-পার্টিতে মজে রশ্মিকা-বিজয়

‘মেহেন্দি হ্যায় রচনেওয়ালি…’— উদয়পুরের শান্ত পাহাড়ি পরিবেশে এখন শুধুই সানাইয়ের সুর। দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের আসর এখন তুঙ্গে। আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হবে, কিন্তু তার আগে উদয়পুরের বিলাসবহুল রিসোর্টে শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহের জমকালো অনুষ্ঠান। প্রিয়জন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জীবনের এই বিশেষ মুহূর্তগুলি উদযাপনে মগ্ন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা এবং ‘অর্জুন রেড্ডি’ খ্যাত বিজয়।

উদয়পুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত ‘আইটিসি মেমেন্টোস’ (ITC Mementos) রিসোর্টটি এখন তারকা খচিত। ১১৭টি ভিলা সম্বলিত এই রাজকীয় রিসোর্টটি সম্পূর্ণ ব্যক্তিগত ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। নিজস্ব হেলিপ্যাড ও লেক পরিবেষ্টিত এই এলাকাটি বর্তমানে সংবাদমাধ্যমের দৃষ্টির আড়ালে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। বিয়ের প্রতিটি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে হবু দম্পতি বেছে নিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিকে। বিজয়ের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে অতিথিদের সঙ্গে পুল-সাইডে ভলিবল খেলার মেজাজ, অন্যদিকে রশ্মিকা শেয়ার করেছেন বিশেষ জাপানি ডিনারের ঝলক। ডিনারের ন্যাপকিনে খোদাই করা ‘VIROSH’ শব্দটি এখন নেটপাড়ায় ভাইরাল।

মঙ্গলবার মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সকালে হবে ‘গায়ে হলুদ’ এবং সন্ধ্যায় বসবে জাঁকজমকপূর্ণ সংগীতের আসর। মাত্র ১০০ জন ঘনিষ্ঠ অতিথিকে নিয়ে ২৬ তারিখ সাত পাকে বাঁধা পড়বেন এই চর্চিত জুটি। তবে চমক এখানেই শেষ নয়; উদয়পুরে ব্যক্তিগতভাবে বিয়ে সারার পর, আগামী ৪ মার্চ হায়দরাবাদে এক বিশাল রিসেপশন পার্টির আয়োজন করবেন নবদম্পতি, যেখানে বিনোদন ও রাজনৈতিক জগতের বহু নক্ষত্রের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।