ডিএ-যুদ্ধে জোড়া ফলা! এবার সুপ্রিম কোর্টে আলাদা মামলা করছে কনফেডারেশন, বিপাকে মুখ্যসচিব?

বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে সুপ্রিম কোর্টে জয়ের পরও স্বস্তিতে নেই রাজ্য সরকারি কর্মীরা। শীর্ষ আদালতের কড়া নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের নীরবতায় ক্ষোভ বাড়ছে কর্মচারী সংগঠনগুলোর মধ্যে। বকেয়া মিটিয়ে দেওয়ার সময়সীমা পার হতে চললেও নবান্নের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় এবার কোমর বাঁধছে সংগঠনগুলি। সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এবার সেই একই পথে হেঁটে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ১০০ শতাংশই মেটাতে হবে। নির্দেশ অনুযায়ী, ২৫ শতাংশ বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার কথা ছিল এবং বাকি অংশ কীভাবে মেটানো হবে, তা আগামী ৬ মার্চের মধ্যে রাজ্যকে জানাতে বলা হয়েছিল। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও রাজ্য সরকারের কোনো হেলদোল না দেখে ক্ষুব্ধ কর্মীরা। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আইনজীবীদের পরামর্শমতো তাঁরাও দ্রুত আদালত অবমাননার মামলা ফাইল করছেন।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবীরা। কিন্তু তাতেও কোনো উত্তর মেলেনি। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেই আদালত অবমাননার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একদিকে ৬ মার্চের ডেডলাইন, অন্যদিকে একের পর এক আইনি ধাক্কা— সব মিলিয়ে ডিএ ইস্যুতে রাজ্য সরকার এখন উভয়সঙ্কটে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন কয়েক লক্ষ সরকারি কর্মচারী।