শেয়ারবাজারে হাহাকার, সেনসেক্স পড়ল ৮০০ পয়েন্ট, নেপথ্যে রয়েছে যে ৩ কারণ

সোমবারের বাম্পার লাভের পর মঙ্গলবার সকালেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। সকাল থেকেই সেনসেক্স ও নিফটির গ্রাফ নিম্নমুখী। প্রতিবেদনটি লেখার সময় (সকাল ১০:১৭ মিনিট), বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স ৭৯৮.৪৯ পয়েন্ট হারিয়ে থিতু হয়েছে ৮২,৪৯৬.১৭ পয়েন্টে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটি ২২২.৬৫ পয়েন্ট তলিয়ে নেমে এসেছে ২৫,৪৯০.৩৫-এর স্তরে।

আইটি সেক্টরে বড় ধস: মঙ্গলবারের পতনের মূলে রয়েছে আইটি স্টকের করুণ হাল। নিফটি আইটি ইনডেক্স দিনের শুরুতেই প্রায় ৩ শতাংশ পড়ে যায়। ইনফোসিস, টিসিএস (TCS), এইচসিএল টেক এবং উইপ্রোর মতো ব্লু-চিপ সংস্থাগুলির শেয়ার এখন ‘রেড জোনে’।

  • HCL Limited: ৩.৭৫% পতন

  • Tech Mahindra: ৩.৩১% পতন

  • Infosys: ৩.০৫% পতন

কেন এই বিপর্যয়? নেপথ্যে ডোনাল্ড ট্রাম্প: বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি বাণিজ্য নীতিই এই পতনের প্রধান কারণ। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর ট্রাম্প প্রথমে ১০ শতাংশ গ্লোবাল ট্যারিফ ঘোষণা করলেও, রাতারাতি তা বাড়িয়ে ১৫ শতাংশ করার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে আমেরিকার বাজার ধসে পড়েছে, যার প্রভাব পড়েছে ভারতেও। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করায় বিশ্বজুড়ে অস্থিরতা বেড়েছে।

বাজারের পরবর্তী লক্ষ্যমাত্রা: সব সেক্টরের অবস্থা খারাপ থাকলেও টাটা স্টিল, এসবিআই (SBI) এবং এক্সিস ব্যাঙ্কের শেয়ার কিছুটা লড়াই দিচ্ছে। ‘এনরিচ মানি’-র সিইও পনমৌদির মতে, নিফটির গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হল ২৫,৫০০-২৫,৪৫০। যদি সূচক এর নিচে নেমে যায়, তবে তা ২৫,২০০ পয়েন্ট পর্যন্ত চলে যেতে পারে। অন্যদিকে, উপরের দিকে ২৫,৭৫০ লেভেলে বড় রেজিস্ট্যান্স রয়েছে।