ট্রাম্পের শুল্ক-বাণে সুপ্রিম কোর্টের কোপ! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে বড় মোড়, ভেস্তে গেল বৈঠক

ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত আমদানি শুল্ক বা ‘ট্যারিফ’ নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক নির্দেশের পরেই এই পরিস্থিতির উদ্ভব। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। আইনি জটিলতাকে ঢাল করে ভারত এখন নতুন করে দর কষাকষির পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।

গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে জানিয়েছে, জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো সম্পূর্ণ বেআইনি। আদালত স্পষ্ট করেছে যে, মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন না। এই রায়ের পর সোমবার ভারতীয় আধিকারিকদের আমেরিকা যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। ভারত সরকার এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, পর্দার আড়ালে যে কূটনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে, তা স্পষ্ট।

এদিকে, মার্কিন সময় মঙ্গলবার রাত ১২টা (ভারতীয় সময় আজ সকাল সাড়ে ১০টা) থেকে ট্রাম্পের চাপানো আমদানি শুল্ক আংশিকভাবে বন্ধ হচ্ছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগ জানিয়েছে, ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে থাকা শুল্কগুলি আপাতত কার্যকর হবে না। তবে হোয়াইট হাউস কেবল একটি আইনের ক্ষেত্রেই এই ছাড় কার্যকর করেছে, ফলে শুল্ক পুরোপুরি উঠছে না। এই আইনি টানাপোড়েনের মাঝে ভারত এখন দেখার অপেক্ষায় যে, ট্রাম্প প্রশাসন পরবর্তী পদক্ষেপ কী নেয়। আপাতত বাণিজ্যিক সমঝোতার বল এখন আমেরিকার কোর্টে।