দিল্লিতে নাশকতার ব্লু-প্রিন্ট! মুর্শিদাবাদ থেকে ধৃত সুমন, পর্দাফাঁস করল দিল্লি পুলিশের ক্রাইম সেল

রাজধানী দিল্লিতে বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের ক্রাইম সেল। এই অভিযানে পশ্চিমবঙ্গ থেকে ২ জন এবং তামিলনাড়ু থেকে ৬ জনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মুর্শিদাবাদের লালবাগের বাসিন্দা সুমন শেখের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্য পুলিশের এসটিএফ-এর সহযোগিতায় তাকে পাকড়াও করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।

তদন্তে বিস্ফোরক তথ্য: গোয়েন্দা সূত্রে খবর, লস্কর-ই-তৈবা এবং বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলোর মদতে এই চক্রটি সক্রিয় ছিল। তামিলনাড়ুর একটি পোশাক কারখানা থেকে ধৃত ৬ জন বাংলাদেশি নাগরিক হলেও তাদের কাছে জাল ভারতীয় পরিচয়পত্র ছিল। এরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে পোস্ট করত। ধৃত সুমন শেখের ফোনে পাকিস্তান থেকে আসা মেসেজ এবং ওটিপি বিনিময়ের প্রমাণ মিলেছে। এমনকি সন্দেহজনক ক্রিপ্টো কারেন্সি লেনদেনের হদিশও পেয়েছেন তদন্তকারীরা। ধৃতদের মূল লক্ষ্য ছিল দিল্লিতে আইইডি বিস্ফোরণ ঘটানো।