‘লক্ষ্মীর ভাণ্ডার আসলে ফাইন!’ ২৬-এর লড়াইয়ে মমতাকে বিঁধে বড় ঘোষণা সেলিমে

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে বাম শিবিরকে। রবিবার কলকাতায় এক মহিলা সম্মেলনে যোগ দিয়ে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর দাবি, রাজ্যের মহিলাদের প্রকৃত আয় ও কর্মসংস্থান কমেছে, আর সেই বাস্তব ঢাকতেই ভাতার ‘মোড়ক’ ব্যবহার করছে তৃণমূল সরকার। সেলিমের ভাষায়, “লক্ষ্মীর ভাণ্ডার আসলে ফাইন, যা সাধারণ মানুষের থেকে লুঠ করা টাকার একাংশ ফিরিয়ে দেওয়ার নাটক।”

টাকার অঙ্ক উহ্য রেখে বিকল্পের ডাক: ক্ষমতায় এলে বামেরা মহিলাদের ঠিক কত টাকা দেবে, সেই অঙ্ক স্পষ্ট না করলেও সেলিম জানান, দুর্নীতি বন্ধ করতে পারলে বর্তমান সরকারের থেকেও বেশি সুবিধা দেওয়া সম্ভব। তিনি কেরালার ‘কুদুম্বশ্রী’ প্রকল্পের উদাহরণ টেনে বলেন, বামেদের লক্ষ্য মহিলাদের কেবল ভাতা দেওয়া নয়, বরং তাঁদের স্বনির্ভর করে তোলা। বিজেপি ও তৃণমূলকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে কটাক্ষ করে তিনি জানান, এবারের নির্বাচনে ছাত্র, যুব ও মহিলাদের ওপরই সবথেকে বেশি ভরসা করছে আলিমুদ্দিন।

নির্বাচনী রোডম্যাপ: সেলিম ঘোষণা করেছেন, ১ মার্চ থেকে রাজ্যে বামেদের নির্বাচনী প্রচার তুঙ্গে উঠবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করার শপথ নেওয়া হবে। প্রতিটি বুথ ও বিধানসভা ভিত্তিক আলাদা ইস্তাহার তৈরির কাজও শুরু করেছে সিপিআইএম। এসআইআর (SIR) ইস্যুতে মহিলাদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা নিয়েও সরব হয়েছেন তিনি।