নাগরিক ক্ষোভ সামাল দিতে ‘টক টু চেয়ারম্যান’! বিধানসভা ভোটের আগে কোচবিহারে বড় চাল তৃণমূলের

শহরবাসীর অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবার ‘টক টু চেয়ারম্যান’ পরিষেবা চালু করল কোচবিহার পুরসভা। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে শহরের নাগরিকরা সরাসরি ফোন করে চেয়ারম্যানের কাছে সমস্যার কথা জানাতে পারবেন। মূলত বয়স্ক মানুষ এবং যাঁরা পুরসভায় আসতে পারেন না, তাঁদের পরিষেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার নতুন চেয়ারম্যান দিলীপ সাহা।

রাজনৈতিক প্রেক্ষাপট ও বিরোধীদের আক্রমণ: দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে থাকা কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১৮টি শাসকদলের হাতে থাকলেও, লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই শহরাঞ্চলে তৃণমূল বারবার পিছিয়ে পড়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এই শহরে তৃণমূল প্রায় ২০ হাজার ভোটে পিছিয়ে ছিল। বিজেপির দাবি, প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের আমলে অত্যধিক কর বৃদ্ধি এবং নাগরিক পরিষেবায় খামতির কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ। সেই ক্ষোভ প্রশমনেই নির্বাচনের আগে তড়িঘড়ি চেয়ারম্যান বদল এবং এই নয়া পরিষেবা চালুর ‘মরিয়া চেষ্টা’ করছে তৃণমূল। যদিও চেয়ারম্যান দিলীপ সাহার দাবি, এই উদ্যোগ সম্পূর্ণভাবে জনসংযোগ ও উন্নয়নের স্বার্থে।