সিন্ধু চুক্তি স্থগিত হতেই ইতিহাস! চেনাব নদীতে প্রথমবার ড্রেজিং, পুনর্জীবন পাচ্ছে সালাল বিদ্যুৎকেন্দ্র

সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) স্থগিত হওয়ার পর ভারতের জলশক্তি ও বিদ্যুৎ ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হলো। গত ছয় দশকে এই প্রথমবার জম্মু ও কাশ্মীরের চেনাব নদীতে বড় আকারের ড্রেজিং বা পলি সরানোর কাজ শুরু হয়েছে। এর ফলে রিয়াসি জেলার সালাল জলবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্ষমতা একলাফে অনেকটাই বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
চুক্তির বেড়াজালে আটকে ছিল উন্নয়ন: সালাল পাওয়ার স্টেশনের আধিকারিকরা জানিয়েছেন, ১৯৬০ ও ১৯৭৮ সালের চুক্তির কড়াকড়িতে জলাধারের পলি সরানোর ওপর একাধিক নিষেধাজ্ঞা ছিল। এমনকি ড্র-ডাউন ফ্লাশিং বা ড্রেজিং করার অনুমতিও পেত না ভারত। এর ফলে ২৮৪ মিলিয়ন কিউবিক মিটারের জলাধারের ক্ষমতা কমে দাঁড়িয়েছিল মাত্র ৯.৯১ মিলিয়ন কিউবিক মিটারে। কিন্তু চুক্তি স্থগিত হতেই ছবিটা বদলাতে শুরু করেছে। জানুয়ারি ২০২৬-এর হিসাব অনুযায়ী, জলাধারের ক্ষমতা বেড়ে ১৪ MCM হয়েছে।
বন্ধ গেট খোলার তোড়জোড়: সালাল ড্যামের নকশায় পলি সরানোর জন্য ৬টি আন্ডার-স্লুইস গেট রাখা হলেও চুক্তির চাপে সেগুলি কয়েক দশক ধরে স্থায়ীভাবে বন্ধ ছিল। এখন সেই গেটগুলি পুনরায় খোলার জন্য টেন্ডার ডাকা হয়েছে। ইতিমধ্য়েই ১.৭ লক্ষ মেট্রিক টন পলি ড্রেজিং করে তোলা হয়েছে। এর ফলে একদিকে যেমন যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি কমবে, তেমনই উপত্যকায় বিদ্যুৎ উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।