খাতায়-কলমে মিলবে তো হিসাব? গুদামে বস্তা গুনে ওজন মাপবেন ভিন জেলার অফিসাররা!

রেশনে স্বচ্ছতা ফেরাতে এবং মজুত শস্যের হিসাবে কোনো প্রকার দুর্নীতি রুখতে নজিরবিহীন পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর। রাজ্যের প্রতিটি সরকারি গুদামে বাস্তবে কত পরিমাণ চাল মজুত রয়েছে, তা খতিয়ে দেখতে বিশেষ অভিযানে নামছেন আধিকারিকরা। সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে কেবল খাতায়-কলমে নয়, সশরীরে গুদামে গিয়ে বস্তা গুনে এবং ওজন মেপে হিসাব মেলাতে হবে।
স্বচ্ছতা বজায় রাখতে কড়া কৌশল: এই অভিযানে যাতে স্থানীয় কোনো প্রভাব খাটানো না যায়, তার জন্য এক জেলার গুদাম অন্য জেলার আধিকারিকদের দিয়ে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিদর্শক দলে থাকবেন ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা। তাঁদের কাজ তদারকি করবেন অন্য জেলার সাব-ডিভিশনাল কন্ট্রোলাররা। নির্দেশ দেওয়া হয়েছে, পরিদর্শক দল গুদামে গিয়ে লটারি বা নিজেদের ইচ্ছেমতো বস্তা বেছে নিয়ে তার ওজন পরীক্ষা করবেন। যদি পোর্টালে থাকা তথ্যের সঙ্গে বাস্তবের মজুত শস্যের অমিল পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট গুদাম ইনচার্জের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে কড়া নজরদারি: পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ভেরিফিকেশন রিপোর্ট সরাসরি খাদ্য দফতরের পোর্টালে আপলোড করতে হবে। প্রতি জেলার জন্য খাদ্য দফতর থেকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে, যাঁরা পুরো বিষয়টি মনিটর করবেন। কবে থেকে এই অভিযান শুরু হবে, তার চূড়ান্ত দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। খাদ্য দফতরের এই তৎপরতায় অসাধু ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।