এবার অসুস্থ শরদ পওয়ার! পুণের হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান, কী হয়েছে প্রবীণ নেতার?

মহারাষ্ট্রের রাজনীতির ‘ভীষ্ম পিতামহ’ শরদ পওয়ার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রবিবার পুণের রুবি হল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসপি)-র প্রধানকে। চিকিৎসকরা জানিয়েছেন, মূলত ডিহাইড্রেশন বা শরীরে জলের ঘাটতিজনিত সমস্যার কারণেই ৮৫ বছর বয়সী এই প্রবীণ নেতাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট ডা. পারভেজ গ্রান্ট জানিয়েছেন, শরদ পওয়ারের অবস্থা স্থিতিশীল। তাঁকে বর্তমানে আইভি ফ্লুইড দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী দু’দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারিও বুকে কফ জমার সমস্যায় এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন তিনি। ১৪ ফেব্রুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, অ্যান্টিবায়োটিক কোর্সের পরবর্তী দুর্বলতার কারণেই তাঁর এই শারীরিক অস্বস্তি বলে জানা গেছে।

সম্প্রতি ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা খেয়েছেন শরদ পওয়ার। তাঁর ভাইপো অজিত পওয়ারের প্রয়াণের শোক কাটতে না কাটতেই এই অসুস্থতা স্বাভাবিকভাবেই পরিবার ও দলের কর্মী-সমর্থকদের দুশ্চিন্তায় রেখেছে। এদিন বাবাকে দেখতে হাসপাতালে যান কন্যা সুপ্রিয়া সূলে। দলের মুখপাত্র অঙ্কুশ কাকাড়ে জানিয়েছেন, নিয়মিত চেক-আপের অংশ হিসেবেই তাঁকে হাসপাতালে আনা হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।