উপত্যকায় হাড়হিম করা এনকাউন্টার! সেনার গুলিতে খতম শীর্ষ জৈশ কমান্ডার, কিশতওয়ারে মেগা অপারেশন

জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। ছত্রো এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে এক শীর্ষ জৈশ কমান্ডার। গোয়েন্দা সূত্রে খবর ছিল, ওই এলাকায় জৈশ-ই-মহম্মদ গোষ্ঠীর কয়েকজন শীর্ষ নেতা আত্মগোপন করে আছে। সেই তথ্যের ভিত্তিতেই শুরু হয় যৌথ অভিযান। এলাকাটি বর্তমানে সেনাবাহিনী ঘিরে রেখেছে যাতে কোনো জঙ্গি পালাতে না পারে।

অন্যদিকে, রাজধানী দিল্লি ও তামিলনাড়ু থেকে ৮ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের নাশকতার ছক ছিল তাদের। চাঞ্চল্যকর তথ্য হলো, ধৃতদের মধ্যে ৬ জন তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি পোশাক কারখানায় শ্রমিকের ছদ্মবেশে লুকিয়ে ছিল। পশ্চিমবঙ্গ থেকেও দু’জনকে আটক করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে যে, এই চক্রটির সঙ্গে পাকিস্তানের আইএসআই (ISI) এবং বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির যোগসূত্র রয়েছে। অভিযুক্তদের থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা ভুয়ো আধার কার্ড ব্যবহার করছিল। উপত্যকায় এনকাউন্টার এবং দেশজুড়ে এই ধরপাকড়— সব মিলিয়ে সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা বর্তমানে তুঙ্গে।