গেরুয়া ছেড়ে ফের নীল-সাদায় প্রাক্তন স্ট্রাইকার, দীপেন্দুর সঙ্গে ঘাসফুল শিবিরে নাম লেখালেন আরও বহু বিরোধী নেতা

২০২৬-এর মহাযুদ্ধের আগেই উত্তপ্ত বাংলার রাজনীতি। আর সেই আবহেই ফের দলবদলের খেলায় বাজিমাত করল শাসক দল। বিজেপি ছেড়ে সপার্ষদ তৃণমূল কংগ্রেসে (AITC) ফিরলেন প্রাক্তন স্ট্রাইকার তথা বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দেন তিনি।

২০২১ নির্বাচনের আগে অভিমানে তৃণমূল ছেড়েছিলেন দীপেন্দু। কিন্তু গেরুয়া শিবিরে তাঁর সময়টা মোটেও সুখকর ছিল না। পুরনো দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর আজ তাঁর সেই ইচ্ছা পূরণ হল। তৃণমূলের পতাকা হাতে নিয়ে দীপেন্দু বলেন, “বিজেপি-তে যাওয়াটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের শরিক হতেই এই ঘরওয়াপসি।”

দীপেন্দু বিশ্বাসের পাশাপাশি এদিন বসিরহাট এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সরদার এবং পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথি বসুও তৃণমূলে যোগ দিয়েছেন। এছাড়াও সিপিআইএম, আইএসএফ এবং বিজেপি-র বেশ কিছু নেতাকর্মী আজ ঘাসফুল শিবিরে নাম লেখান। নির্বাচনের আগে বসিরহাটে এই গণ-যোগদান শাসক দলের হাতকে আরও শক্তিশালী করল বলে মনে করছে রাজনৈতিক মহল।