মানুষ নয়, এবার ভোটে লড়ছে রোবট! জিতলে দেশের আইন বানাবে এআই ‘গাইতানা’

চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের দৈনন্দিন জীবনে থাবা বসিয়েছিল আগেই, এবার তার নজর রাজনীতির ময়দানে। মানুষ নয়, এবার খোদ দেশ চালানোর দায়িত্ব নিতে ভোটে দাঁড়িয়েছে এক এআই রোবট। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় আগামী ৮ মার্চের নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লিখিয়েছে এআই অবতার ‘গাইতানা’ (Gaitana)। প্রযুক্তি আর গণতন্ত্রের এই নজিরবিহীন মেলবন্ধন নিয়ে এখন বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে।

কে এই গাইতানা? গাইতানা কোনো রক্ত-মাংসের মানুষ নয়, বরং একটি এআই চালিত ডিজিটাল চরিত্র। কলম্বিয়ার ঐতিহাসিক আদিবাসী নারী যোদ্ধা ‘লা গাইতানা’-র নামানুসারে এর নামকরণ করা হয়েছে। নীলচে ত্বকের এই এআই অবতার নিজেকে পরিবেশবাদী এবং প্রাণী অধিকার রক্ষক হিসেবে তুলে ধরেছে। আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এই রোবটটি। তার মূল স্লোগান— “সিদ্ধান্ত গ্রহণে প্রত্যেক মানুষের প্রকৃত কণ্ঠস্বর নিশ্চিত করা।”

কেন রোবটকে ভোট দেবেন মানুষ? প্রথাগত রাজনৈতিক দলগুলোর দুর্নীতির বিরুদ্ধে তোপ দেগেছে গাইতানা। তার দাবি, মানুষের প্রতিনিধিরা জনতাকে পণ্য বানিয়ে ফেলেছে। এই এআই প্রার্থী মূলত সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে। তবে বিতর্কও কম নয়— একটি ডিজিটাল সত্তা কি আদৌ নির্বাচনে লড়তে পারে? নির্বাচনী আইন কি একে স্বীকৃতি দেবে? সমর্থকদের মতে, এটিই ভবিষ্যতের গণতন্ত্র। এর আগে ব্রিটেন ও জাপানেও রাজনীতিতে এআই নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষা দেখা গিয়েছে। এখন দেখার, কলম্বিয়ার মানুষ এক রোবটকে তাদের নেতা হিসেবে বেছে নেয় কি না।