‘অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে মমতা!’ কালীঘাটে পুজো দিয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিল্লির রেখা গুপ্তার

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল শাসনের অবসান নিশ্চিত— রবিবার কলকাতায় পা রেখেই এই বড় দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা। রবিবার সকালে কলকাতায় এসে প্রথমেই তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন। গলায় গেরুয়া উত্তরীয় এবং হালকা গোলাপি শাড়িতে রেখাকে ঘিরে মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

রেখা গুপ্তা অভিযোগ করেন, বাংলায় সন্ত্রাসবাদ, গুন্ডামি এবং লোভের রাজনীতি চরম সীমায় পৌঁছেছে। তিনি বলেন, “বাংলার মা-বোনেদের মর্যাদা আজ ঝুঁকির মুখে। মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাধারণ জনগণকে লুট করা হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শক। জনগণ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।” অনুপ্রবেশকারী ইস্যুতেও মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে থাকতে পারেন, কিন্তু তিনি জনগণের গর্জন দমন করতে পারবেন না।”

এদিন দুপুরে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চা আয়োজিত বিশাল মহিলা সম্মেলনে যোগ দেন রেখা গুপ্তা। সায়েন্স সিটির সেই মঞ্চে তাঁর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেও তিনি বাংলার পরিবর্তনের ডাক দেন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীর এই বাংলা সফর বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে।