ফের কসবার ছায়া বেহালায়! চলন্ত গাড়িতে শ্লীলতাহানি করে তরুণীকে রাস্তায় ফেলে দিল অভিযুক্ত

দক্ষিণ কলকাতার কসবার রেশ কাটতে না কাটতেই এবার তিলোত্তমায় ফের চলন্ত গাড়িতে শ্লীলতাহানির ঘটনা ঘটল। এবারের ঘটনাস্থল বেহালা। অভিযোগ, এক পরিচিত তরুণীকে গাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানি করার পর চলন্ত গাড়ি থেকে তাঁকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয় এক যুবক। তবে সাহসিকতার পরিচয় দিয়ে নির্যাতিতা তরুণী সঙ্গে সঙ্গে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে খবর দিলে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

ঘটনার বিবরণ: শনিবার রাতে পৈলান থেকে এক পরিচিত যুবতীকে নিজের গাড়িতে তোলে অভিযুক্ত অর্ণব শা। গাড়িটি যখন বেহালার দিকে আসছিল, তখনই গাড়ির ভেতর তরুণীকে মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বেহালা চৌরাস্তার কাছে পৌঁছলে অর্ণব ওই তরুণীকে সজোরে লাথি মেরে চলন্ত গাড়ি থেকে বাইরে ফেলে দেয়।

তৎপর পুলিশ ও গ্রেফতার: রাস্তায় পড়ে গিয়েও দমে না গিয়ে তরুণী নিকটবর্তী ট্রাফিক পুলিশ আধিকারিককে পুরো বিষয়টি জানান। পুলিশ সঙ্গে সঙ্গে ধাওয়া করে এবং শনিবার রাতেই পদ্মপুকুরের বাসিন্দা অর্ণব শা-কে গ্রেফতার করে। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন: উল্লেখ্য, গত সপ্তাহেই কসবা এলাকায় এক যুবতীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতারও করা হয়। বারবার একই কায়দায় চলন্ত গাড়িতে নারীদের ওপর আক্রমণের ঘটনায় কলকাতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।