“এমন মারব মা হতে পারবি না!” ছাত্রীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরাল পাষণ্ড প্রেমিক

সাইবার সিটি গুরুগ্রামে লিভ-ইন পার্টনারের ওপর নৃশংস অত্যাচারের এক হাড়হিম করা ঘটনা সামনে এসেছে। ১৯ বছর বয়সি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তের পৈশাচিক উল্লাস এখানেই থামেনি; তরুণীকে মারধর করার সময় সে চিৎকার করে বলতে থাকে, “তোকে এমন মারব যে কোনওদিন মা হতে পারবি না।” সেক্টর ৬৯-এর এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার প্রেক্ষাপট: নির্যাতিতা ছাত্রী এবং অভিযুক্ত যুবক— দুজনেই দিল্লির নারেলার বাসিন্দা। মাত্র ৬ মাস আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। দ্রুত সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় গড়ায় এবং তাঁরা গুরুগ্রামে একটি ঘর ভাড়া নিয়ে লিভ-ইন করতে শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই যুবকের আসল রূপ বেরিয়ে পড়ে। তরুণীর ওপর অহেতুক সন্দেহ এবং নিয়মিত শারীরিক নিগ্রহ শুরু হয়।

তিল তিল করে নারকীয় অত্যাচার: অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন স্টিলের বোতল দিয়ে ছাত্রীকে বেধড়ক মারা হয় এবং দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। এরপর চরম বর্বরতা দেখিয়ে তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্ত। ১৮ ফেব্রুয়ারি রাতে সুযোগ বুঝে তরুণী তাঁর মাকে ফোনে সব কথা খুলে বলেন। কায়দা করে তিনি ফোনে বাংলায় কথা বলেন, যাতে অভিযুক্ত যুবক কিছুই বুঝতে না পারে।

উদ্ধার ও গ্রেফতার: মেয়ের মুখে এই নারকীয় অভিজ্ঞতার কথা শুনেই তড়িঘড়ি পুলিশে খবর দেন তাঁর মা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারা, বিশেষ করে গুরুতর জখম ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।