“আপনারা যে নগ্ন তা দেশ জানে, পোশাক খোলার কী দরকার ছিল?” কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ মোদির

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আন্তর্জাতিক এআই (AI) সামিটে কংগ্রেস কর্মীদের ‘শার্টলেস’ বা খালি গায়ে বিক্ষোভ নিয়ে এবার চূড়ান্ত আক্রমণাত্মক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার উত্তরপ্রদেশের মীরাটে এক জনসভা থেকে কংগ্রেসের এই আচরণকে “নোংরা ও নগ্ন রাজনীতি” বলে অভিহিত করেন তিনি। ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর প্রশ্ন, বিদেশি অতিথিদের সামনে দেশের মর্যাদা ক্ষুণ্ন করার এই ‘পাপ’ কংগ্রেস কেন করল?
আন্তর্জাতিক মঞ্চে ভারতের অপমান: প্রধানমন্ত্রী বলেন, “ভারতে আয়োজিত এই এআই সামিটে ৮০টি দেশের প্রতিনিধি এবং ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। এটি ভারতের সাফল্যের এক অনন্য মঞ্চ ছিল। কিন্তু কংগ্রেস এই বৈশ্বিক অনুষ্ঠানকে তাদের কদর্য রাজনীতির আখড়া বানিয়ে ছাড়ল।” তিনি আরও যোগ করেন, “আমি কংগ্রেসকে বলতে চাই, আপনারা যে আদর্শগতভাবে নগ্ন, তা দেশ জানে। তাহলে আলাদা করে জামাকাপড় খুলে দেখানোর কী প্রয়োজন ছিল?”
কংগ্রেসকে একঘরে করার কৌশল: মোদির ভাষণে এদিন তাৎপর্যপূর্ণ ছিল বিরোধীদের বিভাজন। তিনি সাফ জানান, তৃণমূল, ডিএমকে বা বিএসপি-র মতো দলগুলি এই বিক্ষোভে সামিল হয়নি। মোদির কথায়, “দিল্লিতে এই পাপ তৃণমূল বা বিএসপি করেনি, করেছে কেবল উদ্ধত কংগ্রেস। এমনকি কংগ্রেসের জোটসঙ্গীরাও এই আচরণের নিন্দা করার সাহস দেখিয়েছে। আমি সেই বিরোধী দলগুলিকে ধন্যবাদ জানাই যারা সত্যের পাশে দাঁড়িয়েছে।”
সংসদীয় আচরণের প্রসঙ্গ: বাজেট অধিবেশনে তাঁর চেয়ার ঘিরে ধরার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “সংসদে মহিলা সাংসদদের ঢাল হিসেবে ব্যবহার করে বা মা-বোনেদের সামনে এগিয়ে দিয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না। মানুষের মন জিততে হয়।” তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কংগ্রেস এখন দেশের অগ্রগতির পথে একটি ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে।