বন্ধ ঘর থেকে উদ্ধার ৫ নিথর দেহ! যোগীরাজ্যে বুরারিকাণ্ডের ছায়া, দরজা ভেঙে পুলিশের চোখ ছানাবড়া

উত্তরপ্রদেশের কাসগঞ্জে এক হাড়হিম করা ঘটনায় শিউরে উঠল দেশ। টানা তিন দিন বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভাঙতেই দেখা যায় বিভীষিকাময় দৃশ্য। ঘরের ভেতর থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ। মৃতদের মধ্যে রয়েছে তিন নাবালক সন্তানও।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি নৃশংস হত্যা ও আত্মহত্যার ঘটনা। মৃতরা হলেন ৫০ বছর বয়সী সত্যবীর, তাঁর স্ত্রী রামস্ত্রী এবং তাঁদের তিন সন্তান। পুলিশের দাবি, সম্ভবত স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধ করে খুন করার পর নিজে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মঘাতী হয়েছেন সত্যবীর। বিছানায় কম্বলের নিচে চারজনের দেহ পড়ে ছিল এবং একই ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গৃহকর্তার দেহ।
ঘটনাস্থলে ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, চরম আর্থিক অনটনের জেরেই এই ভয়ংকর পদক্ষেপ নিয়েছেন সত্যবীর। এই ঘটনা গত বছরের গুজরাটের আহমেদাবাদের বাগোদারার এক মর্মান্তিক স্মৃতি উসকে দিয়েছে, যেখানে এক অটোচালক ঋণের দায়ে সপরিবারে আত্মঘাতী হয়েছিলেন। কাসগঞ্জের এই ঘটনাকে ঘিরে বর্তমানে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।