ভারতে বড়সড় নাশকতার ছক বানচাল! পুলিশের জালে ৮ সন্দেহভাজন জঙ্গি, নেপথ্যে পাক-বাংলাদেশি যোগ?

দেশজুড়ে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার ব্লু-প্রিন্ট ভেস্তে দিল দিল্লি পুলিশ। রবিবার সকালে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে মোট আটজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, ধৃতদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) এবং বাংলাদেশের একাধিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সরাসরি যোগাযোগ রয়েছে। এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

গার্মেন্টস কর্মীর ছদ্মবেশে জঙ্গি আনাগোনা ধৃতদের মধ্যে মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিতন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জলকে তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি গার্মেন্টস ইউনিট থেকে পাকড়াও করা হয়েছে। তারা সেখানে সাধারণ শ্রমিকের ছদ্মবেশে গা ঢাকা দিয়ে ছিল। অন্যদিকে, পশ্চিমবঙ্গ থেকেও আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, ১৬টি সিম কার্ড এবং বেশ কিছু জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। নিজেদের পরিচয় গোপন রাখতেই তারা এই জাল নথিপত্র ব্যবহার করত।

নিশানায় দিল্লির ঐতিহাসিক স্থাপত্য ও মন্দির প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা এবং চাঁদনি চকের একটি গুরুত্বপূর্ণ মন্দিরসহ ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে আইইডি (IED) বিস্ফোরণের ছক কষছিল। গোপন সূত্রে খবর পেয়ে তামিলনাড়ু পুলিশ প্রথমে তাদের আটক করে এবং পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয়েছে এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে জেরা শুরু হয়েছে।