‘খামোশ’ এবার আইনি কব্জায়! সংলাপ ও কণ্ঠস্বর বাঁচাতে বড় জয় শত্রুঘ্ন সিনহার

মায়ানগরীর আনাচে-কানাচে এখন জল্পনার তুফান। একদিকে কিংবদন্তি অভিনেতার আইনি জয়, অন্যদিকে জেলের ঘানি টেনে ফেরা কমেডি স্টারের আবেগঘন স্বীকারোক্তি। সব মিলিয়ে শনিবার রাতের বলিউড ছিল ঘটনাবহুল।

সংলাপ এখন ব্যক্তিগত সম্পদ শত্রুঘ্ন সিনহা মানেই সেই গগনভেদী গর্জন— ‘খামোশ’। কিন্তু এই সংলাপের যথেচ্ছ ব্যবসায়িক ব্যবহারে বিরক্ত হয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা-সাংসদ। এবার মিলল বড় জয়। আদালতের স্পষ্ট নির্দেশ, শত্রুঘ্ন সিনহার অনুমতি ছাড়া তাঁর নাম, কণ্ঠস্বর কিংবা এই আইকনিক সংলাপটি কেউ ব্যবহার করতে পারবে না। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তাঁর নকল করাও এখন দণ্ডনীয় অপরাধ। নিজের ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় বর্ষীয়ান অভিনেতার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইন্ডাস্ট্রি।

স্ত্রীর প্রতি কৃতজ্ঞ রাজপাল ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আইনি টানাপোড়েন শেষে মুক্তি পেয়েছেন রাজপাল যাদব। জেল থেকে সরাসরি পৌঁছেছিলেন উত্তরপ্রদেশে ভাইজির বিয়েতে। সেখানেই স্ত্রী রাধার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। তিনি বলেন, “আমি সাত জন্ম নিলেও রাধার ঋণ শোধ করতে পারব না। আমি যখন জেলের ভেতর অন্ধকার দেখছিলাম, ও একা হাতে পুরো পরিবারকে আগলে রেখেছে।” রাজপালের এই আবেগঘন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেলিম খানকে দেখতে ‘বাদশাহ’ শনিবার রাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানকে দেখতে ছুটে যান শাহরুখ খান। গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ ও উচ্চ রক্তচাপ নিয়ে ভর্তি হয়েছেন ৯০ বছর বয়সী কিংবদন্তি। সেলিম খানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও সলমন খানের পরিবার হাসপাতালের ওপর বেজায় চটেছে। সলমনদের অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়া সেলিম সাহেবের স্বাস্থ্যের খুঁটিনাটি কেন সংবাদমাধ্যমকে জানানো হচ্ছে? পরিবারের দাবি, স্বাস্থ্য সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং চিকিৎসকদের গোপনীয়তা বজায় রাখা উচিত ছিল।