বিশেষ: লকারে রাখা গয়না হারিয়ে গেলে কত ক্ষতিপূরণ পাবেন? RBI-এর নতুন নিয়ম?

গত এক বছরে সোনার দামের গ্রাফ যে হারে ঊর্ধ্বমুখী, তাতে মধ্যবিত্তের চোখে যেমন স্বস্তির হাসি, তেমনই কপালে চিন্তার ভাঁজ। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি যে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮২,৮৫০ টাকা, ২০২৬-এর সেই একই দিনে তা দাঁড়িয়েছে ১,৪৮,২০০ টাকায়! অর্থাৎ মাত্র এক বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৭৯%। আর এই আকাশছোঁয়া দামের কারণেই সাধারণ মানুষের গয়না এখন ঘরের আলমারি ছেড়ে পাকাপাকি জায়গা নিয়েছে ব্যাঙ্কের লকারে। কিন্তু আপনার গয়না সেখানে কতটা সুরক্ষিত?
লকার থেকে উধাও ৬০ লক্ষের গয়না!
দিল্লির কীর্তিনগর এলাকার একটি সাম্প্রতিক ঘটনা চোখ খুলে দিয়েছে আমানতকারীদের। এক মহিলা দাবি করেছেন, ব্যাঙ্কের লকার খুলে দেখেন তাঁর গচ্ছিত ৬০ লক্ষ টাকার গয়না বেমালুম গায়েব! পুলিশ তদন্ত শুরু করলেও গয়না না পাওয়া পর্যন্ত পুরো ক্ষতির বোঝা বইতে হচ্ছে গ্রাহককেই।
ব্যাঙ্কের দায় আসলে কতটা? জানুন RBI-এর নিয়ম
আপনি হয়তো ভাবছেন মাসে মাসে লকারের ভাড়া দিচ্ছেন মানেই আপনার গয়নার ১০০% সুরক্ষা দেবে ব্যাঙ্ক। কিন্তু আরবিআই (RBI) লকার রুলস ২০২৬ বলছে অন্য কথা:
-
ক্ষতিপূরণের সীমা: লকার থেকে কিছু খোয়া গেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বার্ষিক লকার ভাড়ার সর্বোচ্চ ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অর্থাৎ আপনার লকারে কোটি টাকার গয়না থাকলেও, ব্যাঙ্ক মাত্র কয়েক হাজার টাকা দিয়ে দায় ঝেড়ে ফেলতে পারে।
-
শর্তাবলী: ব্যাঙ্কের কর্মী চুরি করলে বা লকার ভেঙে চুরি হলে এই ক্ষতিপূরণ মিলবে। কিন্তু ভূমিকম্প, বন্যা বা অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগে (Act of God) ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হলে গ্রাহক কোনো টাকাই পাবেন না।
সুরক্ষার সমাধান: গয়না বিমা (Jewellery Insurance)
বিশেষজ্ঞদের মতে, লকারের নিরাপত্তার ওপর পুরোপুরি ভরসা না করে বিমা করা বুদ্ধিমানের কাজ। গয়নার মোট মূল্যের মাত্র ০.৫% থেকে ১.২% প্রিমিয়াম দিলেই নিশ্চিত হওয়া সম্ভব।
-
হোম ইনশিওরেন্স অ্যাড-অন: বাড়ির বিমার সাথেই গয়নার কভার নেওয়া যায়।
-
স্ট্যান্ড অ্যালোন জুয়েলারি ইনশিওরেন্স: দামি গয়নার জন্য আলাদা বিমা।
-
ব্যাঙ্ক লকার প্রোটেকশন: বেসরকারি সংস্থা থেকে ‘অল-রিস্ক কভার’ নেওয়া যেতে পারে।
বিনিয়োগ সুরক্ষিত রাখতে যা করবেন:
১. অনুমোদিত জহুরি থেকে গয়নার ভ্যালুয়েশন সার্টিফিকেট এবং আসল বিল সংগ্রহ করে রাখুন। ২. লকারে রাখার আগে গয়নার তারিখ-সহ ছবি তুলে রাখুন।
সোনা এখন কেবল শখ নয়, বড় অঙ্কের বিনিয়োগ। তাই লকারের ভাড়ার পাশাপাশি সঠিক সুরক্ষা কবচ না থাকলে বিপদের দিনে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন আপনিও।