শাশুড়ির নামে মেয়ের নাম, কৃষ্ণ পুজো দিয়ে শুরু অহনার ছোট্ট মীরার মুখেভাত!

দেখতে দেখতে ছয় মাস পূর্ণ করল অভিনেত্রী অহনা দত্ত এবং দীপঙ্কর রায়ের আদরের কন্যা মীরা। রবিবার সম্পন্ন হলো একরত্তির অন্নপ্রাশন বা মুখেভাতের অনুষ্ঠান। শাশুড়িমায়ের স্মৃতিতে মেয়ের নাম ‘মীরা’ রেখেছেন অভিনেত্রী। দীপঙ্কর ও অহনার বিশ্বাস, তাঁদের সন্তান রূপেই মা ফিরে এসেছেন ঘরে। এদিন সকাল থেকেই সাজ সাজ রব ছিল অহনার বাড়িতে। কৃষ্ণ পুজোর মাধ্যমেই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ঠাকুরের পায়েস মুখে দিয়ে শুরু হয় মীরার জীবনের নতুন এক অধ্যায়।

নিজের হাতে সব আয়োজন মায়ের ব্যস্ত শিডিউল সামলেও মেয়ের জীবনের এই বিশেষ দিনটির প্রতিটি খুঁটিনাটি নিজেই সামলেছেন অহনা। মেনু থেকে শুরু করে ডেকোরেশন— সব কিছুতেই ছিল মায়ের ছোঁয়া। এদিন নিয়ম মেনে আয়োজন করা হয়েছিল ‘বাঙালি সংস্কারের’ সেই বিশেষ ডালি। যেখানে বই, পেন, টাকা ও মাটি রাখা হয় শিশুর ভবিষ্যৎ নির্ধারণের প্রতীক হিসেবে। অভিনেত্রী জানান, “মীরার দাদুই ওকে প্রথম অন্ন তুলে দেবেন। আমি শুধু চাই মীরা আজ যা-ই পছন্দ করুক না কেন, ও যেন সারাজীবন হাসিখুশি থাকে।”

কেরিয়ার ও মাতৃত্বের ভারসাম্য মেয়ের জন্মের পর খুব দ্রুতই কাজে ফিরেছেন অহনা। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে ‘কুন্তলিনী’ চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর এই ধূসর ঘরানার চরিত্রটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। শুটিংয়ের চাপ সামলে যেভাবে তিনি নতুন মা হিসেবে মেয়ের প্রতি দায়িত্ব পালন করছেন, তা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মেয়ের দুষ্টুমি বা খাওয়ার রুটিন শেয়ার করে প্রায়ই ভক্তদের মাতিয়ে রাখেন অহনা। আজকের এই বিশেষ দিনেও খুদে মীরাকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।