হারানো প্যান ও আধার কার্ডেই বিপদ? উত্তরপ্রদেশের কুম্ভকারকে সোয়া কোটি টাকার নোটিস ধরাল সরকার

নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। দু’টাকা দরে মাটির ভাঁড় তৈরি করে কোনোমতে পাঁচজনের পেট চালান উত্তরপ্রদেশের রায়বরেলীর বাসিন্দা মহম্মদ সইদ। কিন্তু তাঁর কাছেই আয়কর দপ্তরের ১.২৫ কোটি টাকার GST নোটিস আসায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। নোটিসে দাবি করা হয়েছে, মহম্মদ সইদ পাটনার চারটি বড় সংস্থার মালিক এবং তিনি দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন।

এই খবর পাওয়ার পর থেকেই দিশেহারা সইদ। তাঁর দাবি, তিনি কোনোদিন ব্যবসাই করেননি, অথচ তাঁকে কোটিপতি ব্যবসায়ী সাজানো হয়েছে। তাঁর সন্দেহ, কয়েক বছর আগে হারিয়ে যাওয়া প্যান (PAN) ও আধার (Aadhaar) কার্ড ব্যবহার করে কেউ এই জালিয়াতি করেছে। আগে ঋণের প্রয়োজনে গ্রামেরই এক ব্যক্তির সাহায্যে ওই নথিগুলি তৈরি করেছিলেন তিনি, যা পরে হারিয়ে যায়। সম্ভবত সেই সুযোগ নিয়ে তাঁর নামে ভুয়ো সংস্থা খুলে কোটি কোটি টাকার লেনদেন চালানো হয়েছে।

সইদ জানিয়েছেন, গত ছয় মাস ধরেই নোটিস আসছিল, কিন্তু পড়াশোনা না জানায় তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। সম্প্রতি ১৫ ফেব্রুয়ারি পুনরায় নোটিস আসায় স্থানীয় শিক্ষিত লোকেদের দ্বারস্থ হলে আসল সত্য সামনে আসে। বর্তমানে অসহায় এই মাটির কারিগর জেলাশাসকের কাছে তদন্তের আর্জি জানিয়েছেন। জালিয়াতির পর্দা ফাঁস করে তাঁকে এই বিপুল অঙ্কের দায় থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।