এক শরীরে চার কান! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরল বিড়াল ‘ডবি’, দত্তক নিতে হুড়োহুড়ি

সাধারণ বিড়ালের তুলনায় শ্রবণশক্তি এমনিতেই বেশি, তার ওপর যদি কানের সংখ্যা হয় চার! এমনই এক বিরল বিড়ালকে ঘিরে এখন উত্তাল নেটদুনিয়া। আমেরিকার অ্যালাবামার বাসিন্দা স্টেফানি ব্রাউনের কাছে বর্তমানে রয়েছে এই অদ্ভুত দর্শন বিড়ালটি, যার নাম রাখা হয়েছে ‘ডবি’ (Dobby)। জিনের বিরল পরিবর্তনের কারণেই ডবির মাথায় দুটির পরিবর্তে চারটি কান রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রায় ১০ লক্ষ বিড়ালের মধ্যে এমন একটির দেখা মেলে।

ডবির শুধু কান নয়, তার মুখের গড়নেও রয়েছে ভিন্নতা। তার নীচের চোয়াল উপরের তুলনায় বড় হওয়ায় মুখ বন্ধ করলেও দাঁত বেরিয়ে থাকে। তবে এই শারীরিক ভিন্নতা তার জনপ্রিয়তায় বাধা হয়ে দাঁড়ায়নি। স্টেফানি জানিয়েছেন, শীঘ্রই একটি অস্ত্রোপচারের মাধ্যমে ডবির মুখের আকার ঠিক করা হবে, যার জন্য প্রায় ৩০০০ ডলার প্রয়োজন। এরপরই তাকে পাকাপাকিভাবে কোনো পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

স্টেফানি চান, ডবি এমন একটি বাড়িতে যাক যেখানে ছোট শিশু রয়েছে, কারণ ডবি বাচ্চাদের খুব ভালোবাসে। স্টেফানির কথায়, “প্রত্যেক প্রাণীর আলাদা সৌন্দর্য থাকে, আর এই ভিন্নতাকে আপন করে নেওয়াই আসল মানবিকতা।” ইতিমদধ্যেই ডবিকে দত্তক নেওয়ার জন্য বহু মানুষ আবেদন করেছেন। অস্ত্রোপচার সফল হলেই নতুন আশ্রয়ে পাড়ি দেবে এই চার কান বিশিষ্ট খুদে তারকা।