যুবসাথী প্রকল্পে ধামাকা আপডেট! এপ্রিল থেকেই মিলবে টাকা, এককালীন ৪ মাসের ভাতার সম্ভাবনা?

পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের ঘোষণা করা ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuba-Sathi) প্রকল্প নিয়ে বড়সড় আপডেট সামনে এল। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ঘোষিত এই প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে তুঙ্গে চর্চা। সাম্প্রতিক প্রশাসনিক গুঞ্জন অনুযায়ী, আবেদনকারীরা এপ্রিল মাস থেকে এককালীন চার মাসের টাকা বা ৬,০০০ টাকা একসাথে পেতে পারেন।

টাকা কবে এবং কত মিলবে? প্রাথমিকভাবে ১৫ই আগস্ট থেকে প্রকল্পটি চালুর কথা থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এটি আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকেই কার্যকর হতে চলেছে। এই প্রকল্পের অধীনে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন। যেহেতু অর্থবর্ষের প্রথম চার মাসের জন্য ‘ভোট অন অ্যাকাউন্ট’ বরাদ্দ করা হয়েছে, তাই এপ্রিল থেকে জুলাই মাসের বকেয়া টাকা যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে একসাথে পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

আবেদনের যোগ্যতা ও সতর্কতা: এই সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ন্যূনতম মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরাই এই আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্রের ‘পেশা’ কলামে ‘ছাত্র’ না লিখে ‘বেকার’ লেখা বাধ্যতামূলক, নচেৎ আবেদন বাতিল হতে পারে। অফলাইন ক্যাম্পের মাধ্যমে ইতিমদধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি বা বেসরকারি কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। বেকারদের স্বাবলম্বী করতে এই পদক্ষেপ এক যুগান্তকারী ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।