ISI-এর গুপ্তচর? আধার কার্ড জাল করে ভারতে লুকিয়ে ৬ জঙ্গি! উদ্ধার ১৬টি সিম কার্ড

দক্ষিণ ভারতে জাল বিছিয়েছে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক? পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা ISI এবং বাংলাদেশের কট্টরবাদী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে তামিলনাড়ু থেকে ৬ জনকে আটক করল পুলিশ। রবিবার প্রশাসনের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর অভিযানের কথা জানানো হয়েছে।
ধৃতদের পরিচয় ও জালিয়াতির ছক ধৃতদের নাম— মীজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক। ভারতে গা-ঢাকা দিয়ে থাকার জন্য তারা আধার কার্ড থেকে শুরু করে একাধিক সরকারি নথি জাল করেছিল। তিরুপ্পুর জেলায় ঝটিতি অভিযান চালিয়ে তাঁদের জালে তোলা হয়।
টার্গেট ছিল দিল্লি? তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। ধৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, ভারতের বাইরে থাকা ‘হ্যান্ডলার’-দের নির্দেশে কাজ করছিল এই চক্রটি। সম্প্রতি দিল্লির বিভিন্ন জায়গায় কিছু উস্কানিমূলক পোস্টার দেখা গিয়েছিল, যা খতিয়ে দেখতে গিয়েই স্পেশাল সেলের নজরে আসে এই ৬ জন। ধারণা করা হচ্ছে, দিল্লিতে বড়সড় কোনও জঙ্গি হামলার নীল নকশা তৈরি করছিল তারা।
পরবর্তী পদক্ষেপ: পাড়ি দিল্লিতে নাশকতামূলক এই বড় ষড়যন্ত্রী রুখতে আটক করা ব্যক্তিদের দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং স্পেশাল সেল তাঁদের জেরা করবে। এই চক্রের সঙ্গে আরও কতজন যুক্ত এবং ভারতের আর কোথায় কোথায় তাঁদের শাখা ছড়িয়ে আছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত হওয়া ফোন এবং সিম কার্ডের কল ডিটেইলস রেকর্ড (CDR) খতিয়ে দেখে ল্যাপটপ ও ডিজিটাল ফুটপ্রিন্ট খোঁজার কাজ শুরু হয়েছে।