বাঘের খাঁচায় মৃত্যুমিছিল! এক নিমেষে শেষ ৭২টি প্রাণ, সংক্রামক ভাইরাসের থাবায় ‘টাইগার কিংডম’ এখন নরক!

বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে এক মর্মান্তিক ও শিউরে ওঠা ঘটনা প্রকাশ্যে এল থাইল্যান্ডে। দেশটির উত্তরাঞ্চলের বিখ্যাত বেসরকারি চিড়িয়াখানা ‘টাইগার কিংডম’-এ গত কয়েক সপ্তাহের ব্যবধানে মৃত্যু হয়েছে অন্তত ৭২টি বাঘের। একসঙ্গে এত বিপুল সংখ্যক বাঘের প্রাণহানি বন্যপ্রাণী প্রেমী ও বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
চিয়াং মাই প্রদেশের প্রাণিসম্পদ দফতর জানিয়েছে, মৃত বাঘগুলির শরীরে অত্যন্ত সংক্রামক ‘ক্যানাইন ডিসটেম্পার’ ভাইরাসের হদিস মিলেছে। এর পাশাপাশি হানা দিয়েছিল ঘাতক ব্যাকটেরিয়াও, যা বাঘগুলির শ্বাসযন্ত্রকে বিকল করে দেয়। জাতীয় প্রাণিসম্পদ বিভাগের ডিরেক্টর সোমচুয়ান রতানামুংকলানন জানিয়েছেন, বাঘের অসুস্থতা প্রাথমিক পর্যায়ে ধরা কঠিন, আর যখন বোঝা গিয়েছে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। এদিকে পশু অধিকার সংগঠন ‘পেটা’ (PETA) এই ঘটনার জন্য চিড়িয়াখানার শোচনীয় পরিবেশ ও পর্যটকদের সঙ্গে ছবি তোলার বাণিজ্যিক মানসিকতাকেই দায়ী করেছে। তাদের দাবি, খাঁচাবন্দি বাঘগুলির চরম দুর্দশাই এই গণমৃত্যুর মূল কারণ।