মালদায় কি এবার ফুটবে শিল্পের ফুল? দীর্ঘ জট কাটাতে খোদ CEO-র মেগা বৈঠক, বড় চমকের অপেক্ষায় জেলা!

আম-রেশমের জেলা মালদার শিল্প মানচিত্রে কি এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে? বিগত কয়েক বছর ধরে কোটি টাকার বিনিয়োগের ঘোষণা হলেও বাস্তবে কেন তা দিনের আলো দেখছে না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার পুরাতন মালদার ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এলেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (WBIIDC) সিইও ময়ূরী বাসু। জল, বিদ্যুৎ ও জমির সমস্যার সমাধান করতে সরাসরি শিল্পপতিদের মুখোমুখি বসলেন তিনি।
মালদার শিল্প সম্ভাবনা বারবার প্রশাসনিক লাল ফিতের ফাঁসে আটকে যাচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। প্রতি বছর সরকারি ‘সিনার্জি’ সম্মেলনে কোটি কোটি টাকার মৌ (MoU) স্বাক্ষরিত হলেও শিল্পোদ্যোগীরা জানিয়েছেন, পরিকাঠামোর অভাবে মাঝপথে থমকে যাচ্ছে অনেক প্রকল্প। এদিন নারায়ণপুর শিল্পতালুক ঘুরে দেখার পর সিইও বৈঠক করেন মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সদস্যদের সঙ্গে। বৈঠকে শিল্পপতিরা মূলত নিকাশি ব্যবস্থা, বেহাল রাস্তা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি, নতুন বিনিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক ছাড়পত্র পাওয়ার জটিলতা কমানোর দাবিও জানানো হয়েছে।
মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সভাপতি সৌরভ তাকরিওয়াল এই বৈঠক প্রসঙ্গে বলেন, “সিইও আমাদের সব সমস্যার কথা মন দিয়ে শুনেছেন। এক বছর পর তিনি মালদায় এলেন এবং আশ্বাস দিয়েছেন যে, পরিকাঠামোগত ঘাটতি মেটানো হবে। আমরা আশাবাদী যে এবার হয়তো কাজের গতি ফিরবে।” যদিও সিইও সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি, তবে সূত্র মারফত জানা গিয়েছে, জলপাইগুড়ি ও শিলিগুড়ি সফরের পর মালদাকে উত্তরবঙ্গের শিল্প হাব হিসেবে গড়ে তোলাই তাঁর এই সফরের অন্যতম লক্ষ্য। এখন দেখার, এই হাই-প্রোফাইল বৈঠকের পর মালদার বন্ধ হতে বসা শিল্পের চাকা ফের ঘোরে কি না।