বাংলা সাহিত্যে নক্ষত্রপতন! চিরনিদ্রায় ‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর, অবসান একটি স্বর্ণযুগের

শুক্রবার দুপুর ১টা। স্তব্ধ হয়ে গেল সেই লেখনী, যা দশকের পর দশক ধরে বাঙালি পাঠককে সমৃদ্ধ করেছে। পরলোকগমন করলেন প্রখ্যাত সাহিত্যিক মণি শংকর মুখোপাধ্যায়, পাঠককুলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে দীর্ঘ লড়াইয়ের পর আজ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাহিত্যের এক উজ্জ্বল সফর: ১৯৩৩ সালে বাংলাদেশের যশোরে জন্ম শংকরের। জীবনের প্রথম উপন্যাস ‘কত অজানারে’ দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন বাংলা সাহিত্যে তাঁর স্থায়িত্ব। এরপর ‘চৌরঙ্গী’, ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’-এর মতো কালজয়ী সৃষ্টি তাঁর ঝুলিতে। শংকরের লেখনী এতটাই শক্তিশালী ছিল যে সত্যজিৎ রায়ের মতো বিশ্বখ্যাত পরিচালক তাঁর কাহিনী অবলম্বনে সিনেমা তৈরি করেছেন। ‘চৌরঙ্গী’ উপন্যাসটি তো বাঙালির কাছে এক চিরকালীন আবেগ।
শূন্য হলো বাংলা সাহিত্য: কিছুদিন আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছিল তাঁর। ৪ ফেব্রুয়ারি থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা গভীর শোকপ্রকাশ করেছেন। শংকর চলে গেলেও তাঁর সৃষ্টি— ‘চরণ ছুঁয়ে যাই’, ‘রসবতী’, ‘নগর নন্দিনী’র মতো বইগুলির মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন প্রতিটি বাঙালির ঘরে।