জন্ডিস নয়, অন্তঃসত্ত্বা ১৫ বছরের নাবালিকা! দুর্গাপুরে ধর্ষক আত্মীয়কে গণপিটুনি উত্তেজিত জনতার

ধর্ষণের জেরে ১৫ বছরের নাবালিকার ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের রাঁচি কলোনি। অভিযুক্ত যুবককে ধরে বাঁশ-লাঠি দিয়ে ব্যাপক মারধর করল উত্তেজিত জনতা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ গিয়েও যুবককে বাঁচাতে হিমশিম খায়। শেষ পর্যন্ত দুর্গাপুর থানার পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সূত্রপাত: পেশায় এসি মেকানিক ওই নাবালিকার বাবা ভেবেছিলেন মেয়ের জন্ডিস হয়েছে। কিন্তু পেটের ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে যেতেই আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। চিকিৎসকরা জানান, নাবালিকা ৬ মাসের গর্ভবতী। নির্যাতিতা জানায়, তাদেরই এক আত্মীয় তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে। এই খবর চাউর হতেই শুক্রবার সকালে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত যুবককে দেখতে পেয়েই এলাকাবাসী তার ওপর চড়াও হয়।

পুলিশি তৎপরতা: আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে। ডিসিপি অভিষেক গুপ্তা জানিয়েছেন, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হবে। এলাকাবাসীর অভিযোগ, ওই যুবক আগে থেকেই কুখ্যাত এবং মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করত। নির্যাতিতার পরিবার অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে।