বিলাসবহুল ফ্যাশনে প্রিয়াঙ্কার নতুন ধামাকা! ৬ লক্ষ টাকার ‘ট্রেজার চেস্ট’ হাতে নিয়ে ভাইরাল দেশি গার্ল!

রেড কার্পেটে হাঁটা তাঁর কাছে জলভাত, কিন্তু প্রতিবারই তিনি এমন কিছু করেন যা নিয়ে বিশ্বজুড়ে চর্চা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। হলিউড ছবি ‘The Bluff’-এর প্রিমিয়ারে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সাজপোশাক নয়, বরং সবার নজর কেড়ে নিল তাঁর হাতের ছোট্ট একটি সোনালি সিন্দুক। সিন্দুকটি আকারে ছোট হলেও তার দাম এবং কারুকার্য দেখে নেটপাড়ার চোখ এখন কপালে।

জলদস্যুর বেশে দেশি গার্ল: নিজের নতুন ছবি ‘The Bluff’-এ প্রিয়াঙ্কা অভিনয় করেছেন উনিশ শতকের এক দুর্ধর্ষ নারী জলদস্যু—এরসেল ‘ব্লাডি মেরি’ বোডেনের চরিত্রে। তাই রেড কার্পেটেও তাঁর সাজে ছিল সেই চরিত্রের প্রতিফলন। প্রখ্যাত ডিজাইনার গৌরব গুপ্তর উজ্জ্বল হলুদ গাউনে যখন প্রিয়াঙ্কা ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন ভারতীয় ঘরানা আর আন্তর্জাতিক ফ্যাশনের মেলবন্ধন দেখে মুগ্ধ হন সকলে। কিন্তু আসল চমক ছিল তাঁর ডান হাতে।

৬ লক্ষ টাকার সিন্দুক! প্রিয়াঙ্কার হাতে ধরা ছিল একটি ছোট্ট সোনালি বাক্স, যা দেখতে অনেকটা গুপ্তধনের সিন্দুকের মতো। প্রিয়াঙ্কা নিজেই সমাজমাধ্যমে মজা করে লিখেছেন, তাঁর ‘ট্রেজার চেস্ট’ যেন কেউ মিস না করেন। অনুসন্ধিৎসু ভক্তরা দ্রুত বের করে ফেলেছেন সেই ব্যাগের হদিশ। বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি এই ‘Sunken Treasure Chest’ ব্যাগটি পিতল এবং দামি স্ফটিক দিয়ে তৈরি। আন্তর্জাতিক বাজারে এর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা

পর্দা ও বাস্তব: ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত এই ছবির প্রচারের জন্য প্রিয়াঙ্কার এই বিশেষ লুক এখন ভাইরাল। বহুদিন পর ভারতীয় ছবিতেও ফিরছেন তিনি। তবে ছবির পর্দার বাইরেও প্রিয়াঙ্কা যে আজও ফ্যাশনের রানু, তা এই ৬ লক্ষ টাকার ছোট্ট সিন্দুক আরও একবার প্রমাণ করে দিল।