ব্রেকিং: উচ্চমাধ্যমিকের অংকে সিলেবাস বহির্ভূত প্রশ্ন! পকেটে আসবে বাড়তি ১০ নম্বর? বিরাট ঘোষণা সংসদের!

২০২৬ সালের উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের অংক পরীক্ষা ঘিরে চরম উত্তেজনা ও বিভ্রান্তি ছড়িয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে। অভিযোগ উঠেছিল, প্রশ্নপত্রের বেশ কিছু প্রশ্ন সম্পূর্ণ সিলেবাসের বাইরে থেকে এসেছে। তবে সেই উদ্বেগ কাটিয়ে এবার পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর (Full Marks) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন প্রশ্নে ভুল? সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারের গণিত পরীক্ষায় মোট ৩টি প্রশ্ন পাঠ্যসূচির বাইরে ছিল। প্রশ্নপত্রের ২বি (2B), ১১বি (11B) এবং ১১সি (11C) নম্বর প্রশ্নগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। এই তিনটি প্রশ্নের মোট নম্বর ছিল ১০ (২+৪+৪)। বিষয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর সংসদ নিশ্চিত করেছে যে, এই প্রশ্নগুলি বর্তমান কারিকুলামের বাইরে থেকে দেওয়া হয়েছে।
কাদের দেওয়া হবে বোনাস নম্বর? সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব পরীক্ষার্থী ওই নির্দিষ্ট প্রশ্নগুলি উত্তর দেওয়ার সামান্যতম চেষ্টাও করেছেন, তাঁদের প্রত্যেককে ওই প্রশ্নের জন্য বরাদ্দ পূর্ণ নম্বর দেওয়া হবে। অর্থাৎ, ১০ নম্বর কার্যত নিশ্চিত হতে চলেছে বহু পরীক্ষার্থীর জন্য। সংসদের লক্ষ্য হলো, প্রশ্নপত্রের ভুলের কারণে যেন কোনও ছাত্রছাত্রীর সামগ্রিক ফলাফল বা মেধা তালিকায় প্রভাব না পড়ে।
শিক্ষক ও সংগঠনের দাবি: অঙ্কের শিক্ষক গৌরাঙ্গ সরখেলের মতে, অবকল সমীকরণ (Differential Equation) অংশ থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল, তা কোনও রেফারেন্স বইতেও সিলেবাসভুক্ত হিসেবে দেখানো নেই। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীও জানিয়েছেন, এবারের পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য খুব কম সময় পেয়েছিলেন, তার ওপর এমন জটিল ও আউট অফ সিলেবাস প্রশ্ন ছাত্রছাত্রীদের ওপর মানসিক চাপ তৈরি করেছিল। তবে সংসদের এই দ্রুত সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে।