‘ইয়ে ডর আচ্ছা লাগা’, গৌতম দেবের কেন্দ্র বদলের সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় চাল চাললেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা গৌতম দেব। দীর্ঘদিনের চেনা জমি ডাবগ্রাম-ফুলবাড়ি ছেড়ে এবার তিনি নিজের জন্মভূমি শিলিগুড়ি বিধানসভা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন। শুক্রবার ফুলবাড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে কোনো রাখঢাক না রেখেই নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
গৌতম দেবের এই ঘোষণা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে ৩৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। সেই হারের প্রসঙ্গ টেনে মেয়র এদিন বলেন, “আমি আর ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না, শিলিগুড়িতেই ফিরে যাচ্ছি। এখানে রাজ্য সরকার কাজ করলেও মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এখানকার মানুষ এমন বিধায়ক ও সাংসদকে জিতিয়েছেন যাঁরা কোনো কাজই করেননি।” যদিও পরাজয়ের পর তিনি শিলিগুড়ির মেয়র পদে আসীন হন এবং বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
মেয়রের এই সিদ্ধান্তকে কাপুরুষতা বলে কটাক্ষ করতে ছাড়েননি ডাবগ্রাম-ফুলবাড়ির বর্তমান বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি উপহাস করে বলেন, “ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। গৌতম দেব বুঝে গিয়েছেন যে এবার দাঁড়ালে তিনি আর জিতবেন না, তাই আগেভাগেই রণক্ষেত্র ছাড়ছেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনে এই এলাকায় বিজেপির বড় লিড এবং গত বিধানসভার ফলাফল মাথায় রেখেই গৌতম দেব তুলনামূলক ‘সেফ জোন’ হিসেবে শিলিগুড়িকে বেছে নিচ্ছেন। তবে শিলিগুড়ি আসনেও বিজেপির শক্ত ঘাঁটি ভাঙা মেয়রের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।