বিজেপি নেত্রীর মুখে মমতার প্রশংসা! বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে একি বললেন সুদেষ্ণা?

বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘যুব সাথী’ প্রকল্প। তবে এবার আলোচনার কারণ কোনো সাধারণ চাকরিপ্রার্থী নন, বরং খোদ এক বিজেপি নেত্রী। হুগলির গোঘাটে রাজ্য সরকারের বেকার ভাতার জন্য লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিলাপ করতে দেখা গেল আরামবাগ টাউন মহিলা মোর্চার আহ্বায়ক সুদেষ্ণা অধিকারী মোহান্তকে। শুধু তাই নয়, রাজ্য সরকারের এই প্রকল্পের প্রশংসাও ঝরে পড়ল তাঁর গলায়।
সুদেষ্ণা দেবীর দাবি, তিনি তাঁর ছেলের জন্য এই দেড় হাজার টাকার বেকার ভাতার আবেদন করতে এসেছেন। তিনি বলেন, “প্রকল্প তো অবশ্যই ভালো। অনেক বেকার যুবক চাকরির ফর্ম ফিলাপ করার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইতে পারেন না, তাঁদের জন্য এই টাকা খুব কাজে লাগবে। এর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই।” তবে প্রকল্পের প্রশংসা করলেও তৃণমূলের ওপর তোপ দাগতে ছাড়েননি তিনি। নেত্রীর সাফ কথা, এই টাকা কি তৃণমূলের নিজের পকেট থেকে দিচ্ছে? এটা জনগণের করের টাকা।
অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে তৃণমূল-বিজেপি দ্বৈরথ তুঙ্গে। গোঘাট তৃণমূল ব্লক সভাপতি সৌমেন দিগার কটাক্ষ করে বলেছেন, “নেত্রী ছেলের নাম বললেও আসলে তিনি নিজের নামেই ফর্ম জমা দিয়েছেন। এটাই প্রমাণ করে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কোনো দল দেখেন না।” পালটা জবাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বিজেপির লোক কেন নেবে না? টাকাটা কি কারও পৈতৃক সম্পত্তি? আমাদের লোকেরাও কর দেয়, সেই টাকাতেই প্রকল্প চলছে।” ভোটমুখী বাংলায় ‘বেকার ভাতা’ নিয়ে এই শাসক-বিরোধী তরজা এখন সরগরম।