২৮ ফেব্রুয়ারিই শেষ নয়! বাংলায় ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে চলমান টানাপড়েনের মধ্যে এক ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, সেটিকে কোনোভাবেই ‘চূড়ান্ত’ বলা যাবে না। নথিপত্র যাচাইয়ের কাজ বাকি থাকায় ওই তালিকার পরেও একটি ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে।

রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া ‘আস্থাভঙ্গ’-এর পরিবেশকে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। এ দিন আদালতে কমিশনের তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকার যে ৮,৫০০ জন অফিসারের তালিকা দিয়েছিল, তাঁদের অনেকেরই ইআরও (ERO) হিসেবে কাজ করার যোগ্যতা নেই। এই দীর্ঘ বাদানুবাদের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, ভোটার তালিকা যাচাইয়ের বাকি কাজ এখন থেকে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের সরাসরি নজরদারিতে সম্পন্ন হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই কাজের জন্য জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারকদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে যে সমস্ত ভোটারের নথি যাচাইয়ের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে না, তাঁদের নাম বাদ পড়ার ভয় থাকছে না। বরং তাঁদের নাম পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আগামিকাল শনিবারই এই গোটা প্রক্রিয়ার রূপরেখা চূড়ান্ত করতে রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালতের এই হস্তক্ষেপের ফলে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর কিছুটা প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।