“লোভে পচে যাওয়া মানুষের থেকে নৈতিকতার পাঠ নেব?” প্রতীক উর রহমানকে বেনজির আক্রমণ ঊষসীর!

সিপিএমের যুবনেতা প্রতীক উর রহমানের দলবদল নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। জল্পনা ছড়িয়েছে, তিনি বাম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন। এই প্রেক্ষাপটে এবার সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন অভিনেত্রী তথা প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা ঊষসী চক্রবর্তী। সরাসরি প্রতীকের নাম না নিলেও তাঁর ‘নৈতিকতা’ এবং ‘পচন’ নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিনেত্রী।
ঊষসী নিজের পোস্টে লেখেন, “পার্টি ছাড়তে হলে ছাড়ুন, নেতা-মন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থাকা খারাপ কিছু নয়। কিন্তু সেটাকে জাস্টিফাই করার জন্য নৈতিকতা নিয়ে লম্বা বক্তৃতার কী দরকার?” তিনি আরও যোগ করেন, এতকাল যাকে ‘অ্যাসেট’ বলে ভাবতেন, তাকে এভাবে ‘পচে যেতে’ দেখে ভেতরটা খালি হয়ে যাচ্ছে। প্রতীক উর রহমানের দলবদল এবং তারপর তাঁর যুক্তি সাজানোকে ঊষসী ‘লোভে পচে যাওয়া মানুষের নৈতিকতার পাঠ’ বলে কটাক্ষ করেছেন।
তবে শুধুমাত্র প্রতীকের সমালোচনা নয়, ঊষসীর নিশানায় ছিল তৃণমূল ও বিজেপিও। তিনি প্রশ্ন তোলেন, সংবাদমাধ্যম ও বিরোধীরা যে সিপিএমকে ‘শূন্য পাওয়া অপ্রাসঙ্গিক দল’ বলে দাগিয়ে দেয়, সেই দল থেকেই কেন প্রতিদিন যুব নেতাদের অফার দিচ্ছে শাসক বা প্রধান বিরোধী দল? ব্যঙ্গের সুরে ঊষসী লিখেছেন, “ব্রো, শূন্য পাওয়া দল থেকে এত নেতা ধার নিতে হচ্ছে কেন? কুসুম কুসুম তোমার যুবনেতা নেই?” বাম নেতা পৃথা তা-র সুরেই ঊষসী স্পষ্ট করেছেন যে, নিজের স্বার্থসিদ্ধির জন্য দলের প্রতি একনিষ্ঠ কর্মীদের ভাবাবেগকে ঢাল করা উচিত নয়।