মৃতদেহের সঙ্গে যৌন মিলন, পাশে বসে বিয়ার পান! ইন্দোরে MBA ছাত্রীর খুনের ঘটনায় শিউরে উঠছে দেশ

ইন্দোরের দ্বারকাপুরীর একটি ভাড়া বাড়িতে ঘটে যাওয়া এমবিএ ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডে একের পর এক হাড়হিম করা তথ্য সামনে আসছে। মূল অভিযুক্ত সহপাঠী তথা প্রেমিক পীযূষ ধামনোটিয়াকে গ্রেফতার করার পর বুধবার তাকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। সাংবাদিকদের সামনে তার নির্বিকার ভঙ্গি এবং মৃদু হাসি দেখে রীতিমতো স্তম্ভিত তদন্তকারীরাও। অভিযোগ, প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করার পর তাঁর নগ্ন মরদেহের পাশেই বসে বিয়ার খেয়েছিল পীযূষ, এমনকি মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গমও করেছিল সে।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি আধার কার্ড সংশোধনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ওই তরুণী। পীযূষের ঘরে আটকে রেখে তাঁর হাত-পা বেঁধে, মুখে টেপ লাগিয়ে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। খুনের পর ওই ছাত্রীর ফোন থেকেই তাঁর অন্তরঙ্গ ভিডিও কলেজের গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দেয় অভিযুক্ত। এরপরেই গা ঢাকা দিতে মুম্বই পালিয়ে যায় সে। পানভেলের একটি হোটেলে যখন পুলিশ হানা দেয়, তখন দেখা যায় পীযূষ সেখানে ‘কালা জাদু’র মাধ্যমে মৃত প্রেমিকার আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করছে।

জেরায় পীযূষ দাবি করেছে, সে ওই তরুণীকে বিয়ে করতে চাইলেও গত ১৫ দিন ধরে মেয়েটি তাকে এড়িয়ে চলছিল এবং অন্য কারও সঙ্গে কথা বলছিল। সেই আক্রোশ থেকেই এই চরম পরিণতি। খুনের পর দীর্ঘক্ষণ নগ্ন দেহের পাশে বসে মদ্যপান এবং বিকৃত লালসা চরিতার্থ করার কথা স্বীকার করেছে সে। বর্তমানে পুলিশি হেফাজতে থাকা পীযূষের মানসিক স্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকরা। এই পৈশাচিক ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।