নায়িকা বদলের পর এবার কি খলনায়িকা বিদেয়? ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে বড় ধামাকা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে বিতর্কের শেষ নেই। শুরু থেকেই এই সিরিয়ালটি কখনও নায়ক-নায়িকার ব্যক্তিগত বিবাদ, আবার কখনও প্রধান চরিত্রের বদল নিয়ে সংবাদ শিরোনামে থেকেছে। এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘মীরা’ অর্থাৎ অভিনেত্রী তন্বী লাহা রায়কে নিয়ে। পর্দার মীরা কি তবে চিরতরে বিদায় নিচ্ছেন এই সিরিয়াল থেকে? তন্বীর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে।
সম্প্রতি তন্বী নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল।” ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি আরও একধাপ এগিয়ে মন্তব্য করেন, “ওরা মনে হয় আমায় আর চায় না। অথচ তোমরা (দর্শক) চাও। অনেক ভালোবাসা।” অভিনেত্রীর এই ‘ওরা’ বলতে কি সিরিয়াল নির্মাতাদের বুঝিয়েছেন? এই প্রশ্নই এখন নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে। বর্তমানে ধারাবাহিকের ট্র্যাকে মীরা চরিত্রটিকে দেখা যাচ্ছে না, যা দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এরই মধ্যে খবর মিলেছে, সিরিয়ালে নতুন খলনায়িকা হিসেবে এন্ট্রি নিচ্ছেন নবনীতা মালাকার। তবে কি নবনীতার আগমনেই মীরা চরিত্রের পথ চলা শেষ হলো? তন্বী যদিও জানিয়েছেন যে সবটা ঠিক সময়ে খোলসা করবেন, তবুও চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত মীরা ফিরবেন নাকি তাঁর গল্প অসম্পূর্ণই থেকে যাবে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।