ভোটার কার্ডের ঠিকানা বদলাতে আর লম্বা লাইন নয়! বাড়ি বসেই অনলাইনে করুন এই কাজ, জানুন সহজ ধাপ

সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্য রাজনীতির এই তপ্ত আবহাওয়ার মধ্যেই গুরুত্বপূর্ণ খবর ভোটারদের জন্য। বাসস্থান পরিবর্তন বা বিয়ের কারণে যারা এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছেন, তাঁদের ভোটার কার্ডের ঠিকানা আপডেট করা এখন বাধ্যতামূলক। তবে এর জন্য আর বিএলও (BLO) অফিস বা সরকারি দপ্তরে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে আপনি অনলাইনেই এই কাজ সেরে ফেলতে পারবেন।
অনলাইনে ঠিকানা পরিবর্তনের ধাপসমূহ (Voter Card Address):
১. প্রথমে জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল (voters.eci.gov.in) এ যান। আপনার অ্যাকাউন্ট না থাকলে মোবাইল নম্বর দিয়ে সাইন-আপ করুন।
২. হোমপেজ থেকে ‘ঠিকানা সংশোধন বা স্থানান্তর’ বিকল্পটি বেছে নিয়ে ফর্ম ৮ (Form 8) খুলুন।
৩. এখানে আপনার নাম, জন্ম তারিখ ও এপিক (EPIC) নম্বর দিন।
৪. এরপর ‘বাসস্থান পরিবর্তন’ বিকল্পটি সিলেক্ট করুন। যদি একই বিধানসভা কেন্দ্রের মধ্যে বাড়ি বদল হয় তবে একরকম অপশন, আর অন্য বিধানসভায় গেলে ‘আউটসাইড’ অপশন বাছুন।
৫. আধার নম্বর, মোবাইল ও ইমেল দিয়ে নতুন ঠিকানার স্বপক্ষে নথি (যেমন: বিদ্যুৎ বিল, জল বা গ্যাস বিল, ব্যাংক পাসবুক) আপলোড করুন।
৬. সবশেষে ফর্মটি জমা দিন এবং প্রাপ্ত রেফারেন্স নম্বরটি টুকে রাখুন।
ভোটার কার্ডের ছবি বদলাবেন কীভাবে?
অনেকেরই ভোটার কার্ডে পুরনো বা অস্পষ্ট ছবি থাকে। সেটি বদলাতেও একই পোর্টালে গিয়ে ফর্ম ৮ সিলেক্ট করতে হবে। সেখানে ‘ছবি সংশোধন’ বিকল্পটি বেছে নিয়ে আপনার বর্তমান পাসপোর্ট সাইজ ফটো আপলোড করলেই কাজ শেষ। অনলাইনে আবেদন করার পর রেফারেন্স নম্বর দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও ট্র্যাক করতে পারবেন।