‘আমি বেকার, এটা আমার অধিকার!’ রাজ্য সরকারের যুবশ্রী ক্যাম্পে লাইন দিলেন খোদ বিজেপি নেত্রী

রাজ্য সরকারের প্রকল্পের বিরোধিতা করা যাদের রাজনৈতিক ধর্ম, সেই দলেরই এক নেত্রী এবার সরকারি ভাতার লাইনে! পুরুলিয়ার বরাবাজার ব্লকের যুব সাথী (যুবশ্রী) প্রকল্পের ক্যাম্পে গিয়ে ফর্ম ফিলাপ করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন বিজেপি নেত্রী মল্লিকা ভুঁইয়া। তিনি বান্দোয়ান মণ্ডল-২-এর বিজেপির সহ-সভানেত্রী। গেরুয়া শিবিরের এই সক্রিয় নেত্রীকে রাজ্য সরকারের বেকার ভাতার লাইনে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে এমএ পড়ছেন মল্লিকা। কেন তিনি বিজেপি নেত্রী হয়েও সরকারের এই সুবিধা নিতে এলেন? এই প্রশ্নের জবাবে রীতিমতো দাপুটে মেজাজে মল্লিকা জানান, “আমি একজন ছাত্রী এবং বর্তমানে সম্পূর্ণ বেকার। কাজ নেই বলেই ভাতার লাইনে দাঁড়িয়েছি। এটা আমার অধিকার।” তবে একইসঙ্গে নিজের দলের সুর বজায় রেখে তিনি রাজ্য সরকারের সমালোচনাও করেছেন। মল্লিকা বলেন, “বিজেপি এই ভাতার বিরোধিতা করছে কারণ তারা কর্মসংস্থান চায়। আজ যদি আমার ঘরে একটা চাকরি থাকত, তবে আমাকে এই কয়েকটা টাকার জন্য ভাতার লাইনে ছুটতে হতো না।”

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে বিজেপির দ্বিমুখী নীতি হিসেবে কটাক্ষ করা হয়েছে। যদিও মল্লিকার দাবি, তিনি কোনও অন্যায় করেননি। তিনি মনে করেন, একজন যোগ্য নাগরিক হিসেবে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার তাঁরও আছে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া এই সহায়তাকেই হাতিয়ার করতে চান এই লড়াকু নেত্রী।