ফুটবল মাঠে হার্ট অ্যাটাক, স্বাস্থ্যকেন্দ্রে নেই ডাক্তার! মর্মান্তিক মৃত্যু মেঘালয়ের জনপ্রিয় সাংসদ রিকি সিংকনের

মেঘালয়ের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা। ফুটবল খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো শিলংয়ের লোকসভা সাংসদ ডঃ রিকি এজে সিংকনের। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলাই মাওয়ং এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন তিনি। ম্যাচ চলাকালীন আচমকা অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, তড়িঘড়ি তাঁকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) নিয়ে যাওয়া হলেও সেখানে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না। ফলে মেলেনি ন্যূনতম প্রাথমিক চিকিৎসাও।

পরবর্তীতে তাঁকে জাইও-এর ডাঃ এইচ গর্ডন রবার্টস হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাত সাড়ে আটটা নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভয়েস অফ দ্য পিপলস পার্টি (VPP)-র এই উদীয়মান নক্ষত্রের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে লিখেছেন, “মেঘালয়ের মানুষের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ সেবার জন্য রিকি সিংকন আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।”

২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ভিনসেন্ট পালাকে ৩.৭ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে ইতিহাস তৈরি করেছিলেন রিকি। আদিবাসী অধিকার এবং স্বচ্ছ শাসনব্যবস্থার পক্ষে তাঁর লড়াই রাজনৈতিক মহলে তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। তাঁর মৃত্যুতে মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টোন টিনসং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালে পৌঁছে শেষ শ্রদ্ধা জানান। মাঠের লড়াকু সৈনিকের এভাবে মাঠেই শেষ হয়ে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগী ও সমর্থকরা।