ভোটের ডঙ্কা বাজার আগেই প্রার্থী নির্বাচনে মাস্টারস্ট্রোক অভিষেকের, আইপ্যাকের রিপোর্টে ঘুম উড়ল কার?

বাংলার রাজনৈতিক মহলে এখন টানটান উত্তেজনা। বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকার ‘SIR’ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা মাত্র, তারপরেই যে কোনও মুহূর্তে ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট। হাতে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আর এই চরম ব্যস্ততার মধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
গত বুধ এবং বৃহস্পতিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকের মূল নির্যাস ছিল আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা। তৃণমূল সুপ্রিমো এবার আর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে নারাজ। আগেভাগেই প্রার্থী তালিকা প্রস্তুত করে জনসংযোগে ঝাঁপিয়ে পড়াই এখন দলের মূল লক্ষ্য।
এই রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূল নেত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন নির্বাচনী কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক-এর প্রধান প্রতীক জৈন। সূত্রের দাবি, আইপ্যাকের দেওয়া মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতেই কাটাছেঁড়া চলছে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে। পারফরম্যান্সের ভিত্তিতে অনেক বর্তমান বিধায়কের টিকিট যেমন সংকটে পড়তে পারে, তেমনই নতুন ও স্বচ্ছ ভাবমূর্তির তরুণ মুখদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে নেতৃত্বের। কালীঘাটের এই তৎপরতা বুঝিয়ে দিচ্ছে, বিরোধী শিবিরকে এক ইঞ্চি জমিও ছাড়তে প্রস্তুত নয় ঘাসফুল শিবির।