পকেটে ইস্ত্রির পোড়া দাগ, দাম ১ লক্ষ টাকা! ফ্যাশনের নামে এ কী আজব কাণ্ড?

সাদা ধবধবে জামা ব্যবহার করতে গেলে বুক কাঁপে সাধারণ মানুষের। একটু কাদা বা চা-ফলের দাগ লাগলে সেই শার্টের মায়াই ত্যাগ করতে হয়। আর ইস্ত্রি করার সময় যদি অসাবধানতাবশত গরম ইস্ত্রির ছোপ বা পোড়া দাগ পড়ে যায়, তবে সেই শার্ট সোজা চলে যায় ডাস্টবিনে বা ঘর মোছার ন্যাকড়ায়। কিন্তু বর্তমানের ‘অদ্ভুত’ ফ্যাশন দুনিয়ায় সেই পোড়া দাগই এখন আভিজাত্যের প্রতীক! শুনতে অবাক লাগলেও, পকেটে ইস্ত্রির পোড়া দাগ থাকা একটি সাদা শার্ট বিক্রি হচ্ছে ১ লক্ষ টাকায়।
বিখ্যাত সুইস-ফ্রেঞ্চ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘ভেটেমেন্টস’ (Vetements) বাজারে এনেছে এই আজব শার্ট। ব্র্যান্ডটির পক্ষ থেকে এর নাম দেওয়া হয়েছে ‘হোয়াইট আয়রন বার্ন গ্রাফিক শার্ট’। আপাতদৃষ্টিতে মনে হবে, শার্টটি ইস্ত্রি করার সময় কেউ হয়তো ভুল করে পকেটের ওপর গরম ইস্ত্রি অনেকক্ষণ চেপে ধরে রেখেছিলেন, যার ফলে ইস্ত্রির আকৃতির একটি হলদেটে-খয়েরি পোড়া দাগ তৈরি হয়েছে। কিন্তু সংস্থাটির দাবি, এটিই হলো তাদের বিশেষ ‘সৃজনশীলতা’ বা ক্রিয়েটিভিটি।
১ লক্ষ টাকা মূল্যের এই ওভারসাইজড সাদা শার্টটির ছবি সমাজমাধ্যমে আসতেই শুরু হয়েছে হাসির রোল। নেটিজেনদের অনেকেই ঠাট্টা করে বলছেন, “এমন ডিজাইনার শার্ট তো আমার বাড়িতেও আছে, মা ইস্ত্রি করতে গিয়ে ভুল করে বানিয়ে ফেলেছিলেন!” কেউ আবার প্রশ্ন তুলেছেন, একটি নষ্ট হয়ে যাওয়া বা পোড়া শার্টের জন্য কেন কেউ এক লক্ষ টাকা খরচ করবেন?
ফ্যাশন দুনিয়ায় অবশ্য এমন বিচিত্র ঘটনা নতুন নয়। এর আগেও ছেঁড়া জিন্স বা কাদা মাখা জুতো কয়েক লক্ষ টাকায় বিক্রি করে বিতর্কে জড়িয়েছে বিভিন্ন নামী ব্র্যান্ড। তবে ‘ভেটেমেন্টস’-এর এই আয়রন বার্ন শার্টটি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যেখানে মানুষ সাদা জামা থেকে দাগ তুলতে হিমশিম খায়, সেখানে দাগওয়ালা শার্ট কেনার জন্য লক্ষ টাকা খরচ করাকে চরম বিলাসিতা না কি স্রেফ বোকামি—তা নিয়েই এখন নেটপাড়ায় চলছে জোর চর্চা।