পাক ক্রিকেটে চরম গৃহযুদ্ধ! উসমান-আবরারদের ব্যাটিং দেখে লাইভ শো-তেই হাসাহাসি কিংবদন্তি ওয়াসিমের!

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে হার। আর সেই হারের ক্ষত দগদগে থাকতেই এবার পাকিস্তান ক্রিকেটে শুরু হয়ে গেল চরম গৃহযুদ্ধ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে শোচনীয় পরাজয়ের পর বাবর আজমদের দলের কড়া সমালোচনায় সরব হয়েছেন সে দেশের প্রাক্তন কিংবদন্তিরা। তবে এবার ‘সুইং অফ সুলতান’ ওয়াসিম আক্রম যা বললেন, তা শুনে কার্যত হতবাক ক্রিকেট বিশ্ব। দলের দুই সদস্যের ব্যাটিং দক্ষতা নিয়ে রীতিমতো উপহাস করলেন তিনি।
ওয়াসিম আক্রমের নিশানায় ছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার উসমান তারিক এবং আবরার আহমেদ। প্রাক্তন এই বাঁ-হাতি পেসারের মতে, এই ক্রিকেটাররা আন্তর্জাতিক স্তরে খেললেও ন্যূনতম ব্যাট ধরার কায়দাটুকুও জানেন না। একটি সাক্ষাৎকারে আক্রম ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এখন টি-২০ ক্রিকেটের যুগ। ভারতের কাছে হারের পর অনেক ভুল চোখে পড়ছে। কিন্তু আমি অবাক হচ্ছি এটা দেখে যে, আমাদের দলের কিছু খেলোয়াড় ব্যাট ধরতেই জানে না! ভারতের বিরুদ্ধে ম্যাচে উসমান তারিক আর আবরার আহমেদের ব্যাটিং দেখে আমার হাসি পাচ্ছিল। ওরা আড়াআড়িভাবে ব্যাট ধরেছিল। ওদের দেখে মনে হচ্ছিল যেন ট্রেনের দরজা বন্ধ করছে! এমন ব্যাটিং আন্তর্জাতিক স্তরে মেনে নেওয়া যায় না।”
আক্রম আরও মনে করিয়ে দেন যে, আধুনিক ক্রিকেটে টেল-এন্ডারদেরও ব্যাটিং জানাটা বাধ্যতামূলক। তিনি বলেন, “এখন সময় বদলেছে। বোলার হলেও আপনাকে ব্যাটিং জানতে হবে এবং তার জন্য নেটে ঘাম ঝরানো উচিত। আমি যখন খেলতাম, তখন বোলার হওয়া সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং অনুশীলন করতাম। বর্তমান দলে এমন বোলার দরকার যারা অন্তত ব্যাটটা সোজা করে ধরতে পারে।”
দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন আক্রম। তিনি জানান, মাঠে পাকিস্তানি ক্রিকেটারদের দেখে মনে হচ্ছে তারা খেলাটা উপভোগ করছেন না, বরং চাপে পিষ্ট হচ্ছেন। খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, “মাঠে নামলে ১০০ শতাংশ দিতে হবে। নিজেদের ওপর বিশ্বাস না থাকলে এই ধরনের বড় টুর্নামেন্টে টিকে থাকা সম্ভব নয়।” সব মিলিয়ে ভারতের কাছে হারের পর পাকিস্তান ড্রেসিংরুম যে এখন কার্যত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে, আক্রমের এই মন্তব্য তারই ইঙ্গিত দিচ্ছে।