প্রতীক-উরের পর এবার কি দীপ্সিতাও সিপিএম ছাড়ছেন? সদস্যপদ রিনিউয়াল নিয়ে কেন তুঙ্গে জল্পনা?

প্রাক্তন ছাত্রনেতা প্রতীক-উর রহমানের সিপিএম ত্যাগের পর থেকেই আলিমুদ্দিনের অন্দরমহলে তোলপাড় শুরু হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার জল্পনার কেন্দ্রে দলের অন্যতম পরিচিত মুখ দীপ্সিতা ধর। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও সিপিএমের প্রাথমিক সদস্যপদ নবীকরণ (রিনিউয়াল) করাননি দীপ্সিতা। আর তাতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— তবে কি প্রতীক-উরের পথেই হাঁটতে চলেছেন জেএনইউ-র এই প্রাক্তনী?

এই জল্পনায় ঘি ঢালছে সিপিএমের দলীয় গঠনতন্ত্র। সাধারণত পার্টিকেন্দ্রের সদস্যদের রিনিউয়াল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মিটে যাওয়ার কথা। এ প্রসঙ্গে দীপ্সিতা ধর সাফ জানিয়েছেন, “সদস্যপদ রিনিউ করার সময়সীমা ৩১শে মার্চ পর্যন্ত। আমার হাতে এখনও দেড় মাস সময় আছে।” পাশাপাশি দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে আসায় ক্ষোভ প্রকাশ করে তিনি একে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। দীপ্সিতার দাবি, প্রতীক উরের সঙ্গে অকারণে তাঁর ও সৃজন ভট্টাচার্যের নাম জড়িয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে ৩১শে মার্চের আগে তিনি সদস্যপদ নবীকরণ করবেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।