৩১ মার্চের মধ্যে শেষ করতে হবে ১২টি ডিম! মিড-ডে মিলে হঠাৎ কেন এই ‘ডিম ধামাকা’? কপালে ভাঁজ শিক্ষকদের

সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য শিক্ষা দফতর। আগামী ৩১শে মার্চ, ২০২৬-এর মধ্যে প্রতিটি পড়ুয়াকে অতিরিক্ত ১২টি করে ডিম খাওয়াতে হবে। গত ৯ই ফেব্রুয়ারি জারি করা এক নির্দেশিকায় এই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সপ্তাহে বরাদ্দ একটি ডিমের পাশাপাশি এখন থেকে সপ্তাহে আরও ২-৩ দিন ডিমের ঝোল মিলবে স্কুলের পাতে।
কেন এই হঠাৎ বরাদ্দ? শিক্ষক মহলের একাংশের মতে, গত বছর তীব্র দাবদাহের কারণে স্কুলগুলিতে দীর্ঘ ছুটি ছিল। সেই সময় মিড-ডে মিলের যে টাকা বেঁচে গিয়েছিল, চলতি অর্থবর্ষ (২০২৫-২৬) শেষ হওয়ার আগে সেই হিসাব মেলাতেই এই অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত। এই প্রকল্পের জন্য মোট ৭৭ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে উপকৃত হবে রাজ্যের প্রায় ৮১ লক্ষ পড়ুয়া। পড়ুয়া পিছু এই অতিরিক্ত ডিমের জন্য ৮ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
শিক্ষকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাঁদের দাবি, কেবল অর্থবর্ষের শেষে নয়, সারা বছরই মিড-ডে মিলের পুষ্টির মান বজায় রাখতে বরাদ্দের পরিমাণ বাড়ানো উচিত।