রাহুল গান্ধীকে বাড়িতে ঢুকে গুলি করার হুমকি! ওম বিড়লার ‘অপমানের’ বদলা নিতে গিয়ে শ্রীঘরে করনী সেনার নেতা

লোকসভার স্পিকার ওম বিড়লাকে ‘অপমান’ করার বদলা নিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ২৫ জন বিরোধী সাংসদকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করা হয়েছে রাজ সিং নামে এক যুবককে। ধৃত নিজেকে কট্টরপন্থী রাজপুত সংগঠন ‘শ্রী রাজপুত করনী সেনা’-র কোটা ইউনিটের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়েছেন।
কী ছিল সেই ভিডিওতে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে রাজ সিং অভিযোগ করেন যে, বাজেট অধিবেশনের প্রথম পর্বে স্পিকার ওম বিড়লাকে (যিনি কোটার সাংসদ) অসম্মান করেছেন রাহুল গান্ধী এবং বিরোধী সাংসদরা। ভিডিওতে রাজ হুমকি দিয়ে বলেন, “রাহুল গান্ধী শুনে রাখুন, যদি আবার এমন ঘটনা ঘটে তবে আমরা ঘরে ঢুকে আপনাকে গুলি করব। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সাংসদদের গ্রেফতার না করা হলে আমি একে একে সবাইকে খুন করব।” ভিডিওতে রাজের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওম বিড়লার ছবি টাঙানো ছিল।
পুলিশি পদক্ষেপ ও রাজনৈতিক প্রতিক্রিয়া: কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, ভিডিওটি নজরে আসতেই ‘সুয়োমোটো’ মামলা রুজু করে বোরখেড়া থানা থেকে রাজকে গ্রেফতার করা হয়েছে। তবে বিজেপি এবং করনী সেনা—উভয় পক্ষই ধৃতের সঙ্গে তাদের কোনো যোগ থাকার কথা অস্বীকার করেছে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির ‘বিষাক্ত সংস্কৃতি’কে দায়ী করেছেন। প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি লোকসভায় অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল।