গোবিন্দার ব্যাঙ্ক ব্যালেন্স কি সত্যিই শূন্য? দেউলিয়া হওয়ার খবরে মুখ খুললেন ভাগ্নে বিনয় আনন্দ, ফাঁস করলেন আসল সত্যি!

বলিউডের ‘ডান্সিং কিং’ গোবিন্দা কি সত্যিই আর্থিক সংকটে জর্জরিত? গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এক খবর—অভিনেতা নাকি দেউলিয়া হয়ে গিয়েছেন, তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স এখন শূন্য! বিচ্ছেদের জল্পনার মাঝেই এই খবর ভক্তদের মনে উদ্বেগ তৈরি করেছিল। তবে এবার সমস্ত মুখরোচক চর্চায় জল ঢাললেন অভিনেতার ভাগ্নে বিনয় আনন্দ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মামার দেউলিয়া হওয়ার খবরটি পুরোপুরি ভিত্তিহীন এবং স্রেফ সস্তা গুজব।
বিনয় আনন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা গোবিন্দাকে গরিব বলছেন, তারা আসলে বোকা। উনি নব্বই দশকের সেই সুপারস্টার, যিনি তখন একটি ছবির জন্য কোটি টাকা পারিশ্রমিক নিতেন। যখন মুম্বইয়ের লোখান্ডওয়ালায় মাত্র ১২-১৩ লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যেত, তখন গোবিন্দাজি এক একটি ছবির জন্য ১ কোটি টাকা নিতেন।” বিনয়ের দাবি, গোবিন্দা আজ যেখানেই গিয়ে দাঁড়াবেন, সেখানেই অনায়াসে ২৫-৩০ লাখ টাকা রোজগার করতে পারেন। তিনি বর্তমানে পথে বসেছেন—এই ধরণের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোকে পাগলামি ছাড়া আর কিছুই বলতে নারাজ তাঁর পরিবার। ৭০-৮০টি সুপারহিট ছবি করা এই তারকার আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত এবং তাঁর স্টারডম আজও অটুট।