গোপন রিপোর্ট কি পাচার হয়েছিল এপস্টিনকে? রাজকীয় বিলাস ছেড়ে পুলিশের কাস্টডিতে অ্যান্ড্রু

ব্রিটিশ রাজপরিবারে ধেয়ে এল বিশাল ঝড়। দীর্ঘদিনের টালবাহানার পর অবশেষে গ্রেফতার হলেন রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে তাঁর ৬৬তম জন্মদিনের দিনই নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেট থেকে তাঁকে আটক করে থেমস ভ্যালি পুলিশ। মূলত ‘সরকারি পদে থাকাকালীন অসদাচরণ’ (Misconduct in Public Office)-এর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তদন্তকারীদের দাবি, ২০১০ সালে যখন তিনি ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য দূতের দায়িত্বে ছিলেন, তখন তিনি জেফ্রি এপস্টিনকে একাধিক গোপনীয় সরকারি নথি ও বাণিজ্য সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছিলেন। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ থেকে প্রকাশিত ‘এপস্টিন ফাইলস’-এর কয়েক লক্ষ নথির মধ্যে অ্যান্ড্রুর এই ইমেল চালাচালির প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে রাজা তৃতীয় চার্লস এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে ‘আইন নিজের পথে চলবে’। আধুনিক ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে এই প্রথম কোনো উচ্চপদস্থ সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হলো।